গৃহবধূর আত্মঘাতী হওয়ার ঘটনায় গ্রেপ্তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি
দি নিউজ লায়ন; গৃহবধূর আত্মঘাতী হওয়ার ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনাটি বর্ধমান শহরের রথতলা উদয়পল্লি এলাকায়। ধৃতদের নাম অরূপ পাল, অরুণ পাল ও চিনু পাল। পুলিস জানিয়েছে, বর্ধমান থানার সদরঘাটের সুকান্তপল্লির বাসিন্দা অনিল ধাড়ার মেয়ে শ্যামলীর সঙ্গে অরূপের ৯ মাস আগে বিয়ে হয়েছিল। বিয়েতে শ্যামলীর শ্বশুরবাড়ি থেকে কোনও পণ দাবি করা হয়নি। কিন্তু, বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে তাঁর উপর নির্যাতন শুরু হয়। দিনের পর দিন অত্যাচার বাড়তে থাকে। সপ্তাহ দু’য়েক আগে থেকে অত্যাচার সীমা ছাড়ায়। ঘরে আটকে রেখে তাঁকে মারধর করা হতো।
ঠিকমতো খেতে দেওয়া হতো না। দিনকয়েক আগে তাঁকে বাপেরবাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু, পরিচারিকার কাজ করে সংসার চালানো শ্যামলীর মায়ের পক্ষে টাকা দেওয়া সম্ভব হয়নি। টাকা না পেয়ে অত্যাচার আরও বাড়ায় শ্বশুরবাড়ির লোকজন। শেষমেশ অত্যাচার সহ্য করতে না পেরে বুধবার গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন শ্যামলী। মেয়ের আত্মহত্যার পিছনে শ্বশুরবাড়ির অত্যাচারকে দায়ী করে তাঁর মা অরুণা ধাড়া মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই বুধবার রাতে উদয়পল্লির বাড়ি থেকে বর্ধমান মহিলা থানার পুলিস তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২০ মে ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Post a Comment