অরূপ রায়কে চেয়ারপার্সন করে হাওড়া পুরসভায় সাত সদস্যের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স গঠন করা হলো - The News Lion

অরূপ রায়কে চেয়ারপার্সন করে হাওড়া পুরসভায় সাত সদস্যের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স গঠন করা হলো

 


দি নিউজ লায়ন;  অরূপ রায়কে চেয়ারপার্সন করে হাওড়া পুরসভায় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স গঠন করা হলো। বুধবার এই মর্মে রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ আরবান ডেভলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের তরফে এক নির্দেশিকা জারি হয়। ওই কমিটিতে অরূপ রায় সহ পুরনিগম এলাকার পাঁচ বিধায়ক এবং প্রাক্তন মেয়র পারিষদ ভাস্কর ভট্টাচার্য সহ বিশ্ব মজুমদারকে রাখা হয়েছে। অরূপ রায় ছাড়াও অন্য চার বিধায়ক হলেন ডাঃ রাণা চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরী, মনোজ তিওয়ারি ও নন্দিতা চৌধুরী।


 মূলত এই কোভিড পরিস্থিতিতে যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করা এবং পুরনিগম এলাকায় পরিষেবা সচল রাখা এগুলির উপর বিশেষ নজর দিয়েই এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স তৈরি করা হয়েছে। বিভিন্ন কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ার ফলে বর্তমানে এখানে কোনও প্রশাসনিক বোর্ড নেই। এরফলে হাওড়া পুর এলাকায় নাগরিক পরিষেবা নিয়ে বিরোধীরা  অভিযোগ তুলেছেন। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে ডিপার্টমেন্ট অফ আরবান ডেভলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের তরফে এই সাত সদস্যের একটি বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়। মানুষকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে এই পদক্ষেপ বলে জানিয়েছেন এই সাত সদস্য বোর্ডের চেয়ারপার্সন অরূপ রায়। 


অরূপ রায় বলেন, আজকে হাওড়া পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স তৈরি হয়েছে। পাঁচজন বিধায়ক এবং ভাস্কর ভট্টাচার্য ও বিশ্ব মজুমদারকে নিয়ে এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স তৈরি হয়েছে। আমাকে চেয়ারপার্সন করা হয়েছে। বাকিদের মেম্বার করা হয়েছে। হাওড়া পুরসভায় দীর্ঘদিন প্রায় আড়াই বছর বোর্ড নেই। কোভিড পরিস্থিতি, বিধানসভা ভোট সহ বিভিন্ন কারণে তা করা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিতে কোভিড মোকাবিলা করা, মানুষকে পুর পরিষেবা দেওয়া, গরমে পানীয় জলের ব্যবস্থা করা, জঞ্জাল, ড্রেনেজ, নিকাশি সব বিষয়কে প্রাধান্য দিয়েই যুদ্ধকালীন ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। সেই কারণেই মাননীয়া মুখ্যমন্ত্রী সবদিক ভেবেই এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স করেছেন। হাওড়ায় গতকালের বৃষ্টিতে যেখানে জল জমেছে সেখানে জল নামাতে ব্যবস্থা করা হয়েছে। পুর কমিশনারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.