পশ্চিম মেদিনীপুরে বিজেপিতে ভাঙন, ভোট মিটতেই চলছে ঘরে ফেরার পালা
দি নিউজ লায়ন; বিধানসভা নির্বাচনের ভোট মিটতেই চলছে ঘরে ফেরার পালা । বিধানসভা ভোটের কয়েক মাস আগে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁরা এখন পুনরায় তৃণমূলে ফিরছেন। এই তালিকায় যেমন আদি বিজেপি , নব্য বিজেপি আছেন তেমনি আছেন ' দাদার অনুগামীরা 'ও নির্বাচিত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা । পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভার মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ১৩ টি আসনে । বিজেপি জয়ী হয়েছে ঘাটাল ও খড়্গপুর সদর এই দুটি আসনে। ২০১৯ এর লোকসভা নির্বাচনের নিরিখে জেলার প্রায় ৭ টি বিধানসভা এলাকায় এগিয়ে ছিল বিজেপি। এবারের বিধানসভা ভোটে সেই আসন গুলিতে ভালো ফল করেছে তৃণমূল।
মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি তৃতীয় বারের জন্য শপথ নিতেই জেলার দলবদলুরা ঘরে ফিরতে শুরু করেছেন। ২০১৮ র পঞ্চায়েত নির্বাচনে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির ২৫ টি আসনের মধ্যে ১৩ টি পেয়েও আইনি জটিলতায় বোর্ড গঠন করতে পারেনি বিজেপি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল দেখার পর বিজেপির ৯ জন নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এরফলে তৃণমূলের সদস্য দাঁড়ালো ২১ এবং বিজেপির সদস্য কমে দাঁড়ালো ৪ এ। বিধানসভা নির্বাচনের ৬ মাস আগে থেকে গড়বেতা , শালবনি ,গোয়ালতোড় , ঘাটাল , খড়্গপুর , ডেবরা , সবং , পিংলা , দাঁতন , কেশিয়াড়ি , মেদিনীপুর এলাকায় বিজেপির কর্মী সমর্থক বাড়ছিল ।
যদিও ভোটের ইভিএমে তা প্রতিফলিত হয়নি। শেষ হাসি হেসেছে তৃনমূল। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি জানান , আর কয়েকমাসের মধ্যে এই জেলায় বিজেপির পতাকা ধরার লোক পাওয়া যাবে না। জেলার মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে প্রত্যাখ্যান করে শান্তি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন তেওয়ারী জানান , ভোটে জেতার পর থেকে তৃণমূল যেভাবে সন্ত্রাস চালাচ্ছে এতে অনেক বিজেপি নেতা কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন।

Post a Comment