তৃণমূল কর্মী গণেশ মালিককে পিটিয়ে মারার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬
দি নিউজ লায়ন; তৃণমূল কর্মী গণেশ মালিককে পিটিয়ে মারার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজেপির ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটে রায়না থানার সমসপুর এলাকায়। ধৃতদের নাম কাশীনাথ রায়, উদয় মালিক, সুবল মালিক, সাজো দাস, সূর্যকান্ত মালিক ও সুমিত মালিক। সমসপুরেই তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, রবিবার ভোটের ফল ঘোষণার পর রাত ১০টা নাগাদ সমসপুরের মালিকপাড়ার বাসিন্দা বকুল মালিক, চাঁদ মালিক সহ কয়েকজন পশ্চিমপাড়ার বটতলা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন।
সুবল মালিকের বাড়ির সামনে বিজেপির লোকজন লাঠি, রড, টাঙি প্রভৃতি নিয়ে তাঁদের উপর আচমকা হামলা চালায়। মারধরে তৃণমূলের বেশ কয়েকজন জখম হন। জখমদের চিৎকার-চেঁচামেচি শুনে গণেশবাবু তাঁদের বাঁচাতে আসেন। তাঁকেও মারধর করা হয়। লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। তাঁর পা-ও ভেঙে দেওয়া হয়। আর্তনাদ শুনে আশপাশের লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর জখম গণেশবাবুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার কথা জানিয়ে বকুল রায়না থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খুনের মামলা রুজু হয়েছে। এরপরই সোমবার রাতে ৬জনকে বাড়ি থেকে পুলিস গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতদের ৩ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Post a Comment