মুখ্যমন্ত্রীর নির্দেশে বাসন্তীতে ভেঙে পড়া পিঁপড়েখালি লোহার ব্রীজ পরিদর্শনে বিধায়ক শ্যামল মণ্ডল
দি নিউজ লায়ন; শনিবার বিকালে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবনে ভেঙে পড়া পিঁপড়েখালি লোহার ব্রীজ পরিদর্শনে এলেন বাসন্তী বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত বিধায়ক শ্যামল মণ্ডল।শুক্রবার রাতে ঝড় বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী বিধানসভা কেন্দ্রের চড়াবিদ্যা অঞ্চলের কুমড়োখালি এলাকায় বিদ্যাধরী নদীর শাখা নদী উপর পিঁপড়েখালি লোহার ব্রীজ হঠাৎই ভেঙে পড়লে অসহায় হয়ে পড়ে হাজার হাজার এলাকার মানুষজন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিদ্যাধরী নদীর শাখা নদী পিঁপড়েখালি নদী।
এই নদীর উপর ১৯৯৫ সালে প্রায় ৮০ থেকে ৯০ ফুট লম্বা একটি লোহার ব্রীজ তৈরি হয় সাধারণ মানুষজনের যাতায়াতে।ব্রীজটি বাসন্তীর চড়াবিদ্যা অঞ্চলের কুমড়োখালি এবং উত্তর ২৪ পরগনার সন্দেশখালির রামপুর বাজার সংযোগস্থল ছিল।ফলে দুই ২৪ পরগনার প্রায় ৫০ হাজার মানুষের প্রতিদিন যাতায়াত পথ ছিল এই লোহার ব্রীজের উপর দিয়ে।তবে দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে লোহার ব্রীজটি ভগ্নদশায় পরিণত হয়।বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষজন লোহার ব্রীজের উপর দিয়ে যাতায়াত করছিল।আর এইদিন রাতে ঝড় বৃষ্টিতে হঠাৎই পিঁপড়েখালি লোহার ব্রীজটি ভেঙে পড়ে।
ফলে যাতায়াতে চরম দুর্ভোগের মধ্যে পড়ে বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষজন।এমনকি সমস্যায় পড়েছে কৃষক থেকে শুরু করে মৎস্যজীবীরা।তবে ব্রীজটি ভেঙে পড়লেও কেউ হতাহত হয়নি।এ বিষয়ে বাসন্তী কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ভেঙে পড়া পিঁপড়েখালি লোহার ব্রীজটি পরিদর্শন করলাম।বিষয়টি বিভাগীয় দফতর কে বলা হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে একটি কাঠের ব্রীজ করে দেওয়া হবে।এছাড়া আগামী ১ বছরের মধ্যে ক্রংকিটের ব্রীজ করা হবে।এ বিষয়ে মুখ্যমন্ত্রী কাছে রিপোর্ট তুলে দেওয়া হবে।

Post a Comment