১০ ঘন্টা বাড়িতেই পড়ে থাকল করোনা আক্রান্ত বৃদ্ধের মৃতদেহ
দি নিউজ লায়ন; ফের অমানবিক ঘটনার সাক্ষী থাকল হাওড়ার জগৎবল্লভপুর। প্রায় ১০ ঘন্টা বাড়িতেই পড়ে থাকল করোনা আক্রান্ত বৃদ্ধের মৃতদেহ। পরে পুলিশ প্রশাসনের উদ্যোগে মৃতদেহটি উদ্ধার করে দাহর ব্যবস্থা করা হয়। সূত্রের খবর জগৎবল্লভপুরের বোহারিয়া শীতলাতলার বাসিন্দা দিলীপ সামন্ত (৬৬) বেশ কিছুদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে ভুগছিলেন। গত ২৯ এপ্রিল তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।
স্থানীয় সূত্রে খবর এরপর চিকিৎসকের পরামর্শে বৃদ্ধকে বাড়িতে রেখেই চিকিৎসা করতে থাকে তার পরিবারের সদস্যরা। যদিও শুক্রবার সকাল ৮ টা ১৫ মিনিটে বৃদ্ধের মৃত্যু হয়। এদিকে দিলীপ সামন্তর মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা স্থানীয় পঞ্চায়েত ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও মৃতদেহ সৎকারের কোন উদ্যোগ না নেওয়ায় দীর্ঘক্ষন বাড়িতেই পড়ে থাকে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃতদেহ।
অন্যদিকে বাড়িতে দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকায় বৃদ্ধের পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। পরে সন্ধ্যা নাগাদ পুলিশ প্রশাসনের উদ্যোগে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। মৃতের ছেলে সুকান্ত সামন্তর অভিযোগ বাবার মৃত্যুর পর মৃতদেহ দাহ করার জন্য প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার আবেদন জানানো হলেও তারা কোনো উদ্যোগ নেয়নি। ফলে দীর্ঘক্ষন বাড়িতেই বাবার মৃতদেহ পড়েছিল। অবশেষে সন্ধ্যায় বাবার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়

Post a Comment