নিউ ব্যারাকপুরে আগুনের গ্রাসে ওষুধের দোকান এবং গেঞ্জি কারখানা
দি নিউজ লায়ন; ইয়াস-এর তাণ্ডবে নাজেহাল মানুষ। তারই মাঝে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত তখন তিনটে নাগাদ আচমকাই উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর থানা এলাকার তালবান্দা শিল্পতালুকের একটি গেঞ্জি কারখানা এবং ওষুধের দোকান থেকে কালো ধোঁয়া বেরতে থাকে। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যেতেই চমকে ওঠেন বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল দফতরে।
ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকান–কারখানার বেশিরভাগ অংশ। গেঞ্জি কারখানা এবং ওষুধের দোকানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।
দমকল সূত্রে খবর, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ওই গেঞ্জি কারখানায় রাতে বেশ কয়েকজনের থাকার কথা। কেউ আটকে আছে কিনা তা দেখা হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে কারখানার ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। তবে ১৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও নেভেনি নিউ ব্যারাকপুরের আগুন। হদিশ মিলছে না চার শ্রমিকের। আগুনের ভয়াবহতায় কারখানায় ঢোকানো গেল না দমকলের রোবটকে। দেওয়াল ভেঙে চলছে আগুন নেভানোর কাজ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।

Post a Comment