ঘরছাড়া শতাধিক বিজেপি এবং সিপিএম কর্মীদের ঘরে ফেরালেন উত্তম বারিক
দি নিউজ লায়ন; পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূলের সৌজন্য। ঘরছাড়া বলে অভিযোগ শতাধিক বিজেপি এবং সিপিএম কর্মীদের ঘরে ফেরালেন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক। তৃণমূল সূত্রে খবর, পটাশপুরের বিধায়কের উদ্যোগে গত দু'দিন ধরে ঘরে ফিরেছেন বিজেপি এবং সিপিএমের ঘরছাড়া বলে দাবি করা সিপিএম এবং বিজেপি সমর্থকরা। যদিও যারা ঘরছাড়া বলে দাবি করছেন তারা নিজেরাই চলে গিয়েছিলেন। তৃণমূল তাদের ওপর কোনো রকম হামলা করেনি।
তবুও পটাশপুর এর বিধায়ক এর উদ্যোগে তাদের শুক্র এবং শনিবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। রবিবার বাড়িতে ফেরা সেইসব বিজেপি এবং সিপিএম সমর্থকদের সঙ্গে দেখা করেন বিধায়ক উত্তম বারিক। তাদের কোন রকম সমস্যা হচ্ছে কিনা তা জানতে চান তিনি। পাশাপাশি তাদের হাতে তুলে দেন খাদ্য সামগ্রী সহ বিভিন্ন উপকরণ। একই সঙ্গে করোনা পরিস্থিতিতে সাবধানে থাকার পরামর্শ দেন এবং যেকোন প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
পাশাপাশি দলীয় সমর্থকদের তিনি কোনরকম প্ররোচনায় পা না দেওয়ার নির্দেশ দেন। এ প্রসঙ্গে উত্তম বারিক জানান, পটাশপুর বিধানসভা এলাকায় একজনও ঘরছাড়া নেই। যারা হামলার আশঙ্কায় বাড়ি ছেড়েছিলেন তাদের প্রত্যেককে ফিরিয়ে আনা হয়েছে। আগামী দিনে তারা যাতে কোনো রকম সমস্যায় না পড়ে তা নিশ্চিত করা হয়েছে। বিজেপি জেলার বিভিন্ন প্রান্তে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করলেও তৃণমূল সৌজন্য দেখাবে।

Post a Comment