হাসপাতালের শৌচালয় থেকে ক্যান্সার আক্রান্ত রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। হাসপাতালের শৌচালয় থেকে দেহটি উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ক্যান্সার আক্রান্ত ওই ব্যক্তি। জানা গেছে, মৃতের নাম গোকুল চন্দ্র মণ্ডল(৮০)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ভিকাহার বালাপুর এলাকায়। পেশায় তিনি হাতুড়ে চিকিৎসক ছিলেন। এদিকে বিষয়টি জানাজানি হতেই বুধবার দুপুরে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায় বালুরঘাট থানার পুলিশ।
গোকুল চন্দ্র মণ্ডল দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। গত কয়েকদিন ধরে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল। তার আগেই হাসপাতালের শৌচালয়ে বিছানার চাঁদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, গোকুল চন্দ্র গত কয়েকদিন ধরে বালুরঘাট হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। এদিকে পরিবারের প্রাথমিক ভাবে অনুমান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার জন্যই হয়তো তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
Post a Comment