নিজেকেই করলেন বিয়ে!
নাম মেগ টেইলর মরিসন। থাকেন যুক্তরাষ্ট্রের আটলান্টায়। সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। আর তাই নিজেকেই বিয়ে করে নিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর খবরে জানা যায়, ৩৫ বছর বয়সী এ নারীর খুব ইচ্ছা ছিল, তিনি ২০২০ সালের হ্যালোউইনে বিয়ের পিঁড়িতে বসবেন প্রেমিকের সঙ্গে। তবে দুঃখজনকভাবে গত বছরের জুনেই প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। এতে কিন্তু ভেঙে পড়েননি মেগ টেইলর মরিসন। মিলিয়ে যায়নি তার নির্দিষ্ট সময়ে বিয়ে করার সাধও। পরিচিতদের মুখে বিভিন্ন জায়গায় নিজেকে বিয়ে করার ঘটনার কথা শুনে মনস্থির করে ফেলেন, তিনিও সেটাই করবেন।
এ নিয়ে তিনি কয়েক মাস ধরে সাজাতে থাকেন পরিকল্পনা। বিশেষ দিনটির জন্য বিশেষায়িত কেক অর্ডার করেন। পছন্দ করেন ‘সেরা পোষাক’, আর অবশ্যই ঝকঝকে একটা হীরের আংটি। ধুমধাম করে আয়োজিত সেই অনুষ্ঠানের পেছনে প্রায় এক লাখ টাকা খরচ হয় তার। তবে ভিন্নধর্মী এই বিয়ে নিয়ে কিছুটা শঙ্কাও ছিল মেগ টেইলর মরিসনের মধ্যে। ভাবনা ছিল, বন্ধু বা নিকটাত্মীয়রা তাকে অতিরিক্ত আত্মপ্রেমী বা স্বামী না পাওয়ার হতাশা থেকে এসব করছেন না ভাবে। মরিসন জানান, তার এভাবে বিয়ে করার প্রাথমিক কারণ ছিল- অন্য লোকদের খুশি করার চেষ্টা থেকে নিজেকে দূরে সরানো এবং বাকি সব কিছুর আগে নিজেকে প্রাধান্য দেয়ার সিদ্ধান্ত। এ কারণে বরের বদলে নিজেকেই নিজের আজীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন তিনি, বিয়ের প্রক্রিয়া শেষ করতে সামনে আয়না ধরে চুমু খেয়েছেন নিজের প্রতিবিম্বকেই।
তিনি সংবাদমাধ্যমকে জানান, নিজেকে বিয়ে করার অভিজ্ঞতা তাকে নিজের বিচারবুদ্ধিতে ভরসা রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছে। দৈনিক কার্যাবলিতে নিজের স্বাস্থ্য ও সুখকে প্রাধান্য দিতে শিখিয়েছে। মরিসন বলেন, ‘আমি আত্মপ্রেমের কারণেই নিজেকে বিয়ে করছি।’ নিজেকে বিয়ে করার ঘটনা অবশ্য এটাই যে প্রথম তা নয়। এর আগে ব্রাজিলের এক ব্যক্তিও ধুমধাম করে নিজেকে বিয়ে করেছিলেন।

Post a Comment