মহিলা কর্মীদের উপর হামলার ঘটনায় হাওড়ার চ্যাটার্জিহাট থানায়, এফআইআর করল তৃণমূল
দি নিউজ লায়নঃ 'বহিরাগত'দের এনে সোমবার রাতে হামলা চালানোর ঘটনায় হাওড়ার চ্যাটার্জিহাট থানায় বিজেপির বিরুদ্ধে এফআইআর করল তৃণমূল। মঙ্গলবার সকালে চ্যাটার্জিহাট থানায় যান হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শ্যামল মিত্র, নিলয় ঘোষাল, সুশোভন চট্টোপাধ্যায়, মৃণাল দাসের নেতৃত্বে এদিন তৃণমূলের এক প্রতিনিধি দল চ্যাটার্জিহাট থানায় এসে হাওড়া সিটি পুলিশের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তৃণমূলের দাবি, প্রশাসন ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে বহিরাগতদের এনে তৃণমূলের মহিলা কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার অনন্তদেব মুখার্জি লেনে অগ্রণী সংঘের মাঠ সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। তৃণমূলের মহিলা কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সব জেনেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগ, বিভিন্ন মন্ডল থেকে বহিরাগত মহিলা কর্মীদের এনে সোমবার রাতে পরিকল্পিতভাবে ওই হামলা চালায় বিজেপি। তৃণমূলের একাধিক মহিলা কর্মী ঘটনায় জখম হন। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই পুলিশ ও র্যাফ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে যান মধ্য হাওড়ার তৃণমূল নেতৃত্ব।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় উত্তেজনা রয়েছে। তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায় জানান, থানায় এফআইআর করা হয়েছে। দোষীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এদিকে, এই ঘটনায় বিজেপির প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে, এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা তথা মধ্য হাওড়ার প্রার্থী অরূপ রায় জানান, বিজেপির মহিলা বাহিনী এসে হামলা চালায়। বাড়ি বাড়ি ঢুকে মারধর করে। বিজেপির প্রচুর কালো টাকা আছে। এই টাকা তারা চারিদিকে ছড়িয়েছে। সেই টাকাই তারা খরচ করছে। দুষ্কৃতিদের নামে থানায় এফআইআর করা হয়েছে।

Post a Comment