ভোট পরবর্তী হিংসায় ধুন্ধুমার রাজপুর সোনারপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের জলপথ এলাকা
দি নিউজ লায়নঃ ভোটের মরশুমে রাজনৈতিক হিংসায় উত্তাল গোটা রাজ্য। কোথাও রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন তো কোথাও আবার বিরোধী দলের সমর্থক রা মার খাচ্ছেন। এবার ভোট পরবর্তী হিংসেই হিংসায় ধুন্ধুমার রাজপুর সোনারপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের জলপথ এলাকা। আক্রান্ত তৃণমূল কর্মীরা।
ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। আক্রান্ত তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ সোমবার রাতে দলীয় কর্মীকে মারধরের খবর পেয়ে সেখানেই যাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। ভুয়া খবর দিয়ে ফাঁদে ফেলা হয় তাদের বেশ কয়েকজন কর্মীকে। অভিযোগ ঘটনাস্থলে যাওয়ার আগেই রাস্তার উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। তাদের হাতে ছিল রড-লাঠি ও বন্দুকের বাঁট। তা দিয়েই মারধর করা হয় বলে অভিযোগ। নিমাই সরদার সহ দুই তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। মোট আক্রান্ত হন চারজন। ঘটনার খবর পেয়ে নরেন্দ্র পুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসেন । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুজন বিজেপি সমর্থক বলে দাবি করেছে তৃণমূল। এই ঘটনায় ওই ওয়ার্ডের প্রাক্তন পৌর মাতা পাপিয়া হালদারের অভিযোগ, নির্বাচনে খারাপ ফল করবে বুঝে এখন থেকেই সন্ত্রাস শুরু করেছে বিজেপি। বিভিন্ন জায়গায় তৃণমূলের উপর হামলা চালানো হচ্ছে। এলাকা আতঙ্কের পরিবেশ তৈরীর চেষ্টা করা হচ্ছে।
দলীয় কর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে বিজেপি। সোনারপুর উত্তর বিধানসভার এলাকার ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি তাপু চৌধুরী বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোন যোগ নেই। উল্টে বিজেপি নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সারা রাজ্যের মতো এখানেও নোংরা খেলায় নেমেছে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতে ও সোমবার রাতে দুটি ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে ভুগছে এলাকাবাসী। উল্লেখ্য রবিবার সোনারপুর এলাকায় বিজেপি তৃণমূলের গন্ডগোলের একটি ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ মিটতে না মিটতে ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সোনারপুরে।

Post a Comment