গোপন সূত্রে অভিযান চালিয়ে দুই দুষ্কৃতী সহ আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করলো গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ
দি নিউজ লায়নঃ গোপন সূত্রে অভিযান চালিয়ে দুই দুষ্কৃতী সহ আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করলো গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ । শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের রামনগর বাজার এলাকায় । নির্বাচনের আগে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের এই অভিযানে সাফল্য মেলায় সাধুবাদ জানিয়েছেন মালদা জেলা পুলিশের শীর্ষ নেতৃত্ব। ধৃত দুইজনের কাছ থেকে উদ্ধার রয়েছে একটি পাইপগান এবং ১৪ রাউন্ড কার্তুজ ।
তার মধ্যে পাঁচটি কার্তুজ পাইপ গানের এবং বাকি নটি কার্তুজ নাইন এমএম পিস্তলের বলে জানিয়েছে পুলিশ। রবিবার ধৃতদের মালদা আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধত দুই দুষ্কৃতীর নাম সৌরভ মন্ডল এবং সঞ্জয় মন্ডল । এদের বাড়ি কালিয়াচক থানার রামনগর এলাকায়। শনিবার গভীর রাতে রামনগর বাজার এলাকার স্ট্যান্ডের কাছে সন্দেহজনক অবস্থায় ওই দুই যুবক ঘোরাফেরা করছিল। সেই সময় পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে অস্ত্র নিয়ে দুই যুবক ঘোরাফেরা করছে।
এরপরই গোলাপগঞ্জ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্যামসুন্দর সাহার পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই দুই দুষ্কৃতী অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বিধানসভা নির্বাচনের মুখে ধৃত দুই দুষ্কৃতী একটি পাইপগান এবং ১৪ রাউন্ড কার্তুজ গুলি কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিলো। কিন্তু তার আগেই অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীদের সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment