রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক কর্মীর বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ
দি নিউজ লায়ন; রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক কর্মীর বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ উঠল। অভিযোগে বর্ধমান শহরের কানাইনাটশালের বাসিন্দা অরিন্দম মণ্ডল জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মুচিপাড়া শাখায় তাঁর একটি টার্ম লোন অ্যাকাউন্ট রয়েছে। সেখানেই তাঁর একটি সেভিংস অ্যাকাউন্টও রয়েছে। গত ১ জানুয়ারি তিনি সেভিংস অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা জমা দেন। ব্যাংক থেকে তাঁকে রশিদ দেওয়া হয়। এরপর ৪ জানুয়ারি ফের তিনি সেভিংস অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা জমা করেন। সেভিংস অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা লোন অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করার আবেদন জানান তিনি।
দ্বিতীয় দিনের টাকা জমা দেওয়ার রশিদটি তিনি হারিয়ে ফেলেন। এনিয়ে বর্ধমান থানায় একটি ডায়েরিও করেন তিনি। পরে ব্যাংকে পাশবই আপ-টু-ডেট করানোর পর তিনি জানতে পারেন, ৪ জানুয়ারি জমা করা টাকা পাশবুকে তোলা হয়েছে। কিন্তু, ১ জানুয়ারির টাকা ব্যাংকে জমা পড়েনি। পাশবইয়ে টাকা জমা পড়ার উল্লেখও নেই। এনিয়ে জানতে গেলে তাঁকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। বারবার তিনি ব্যাংকে জানতে যান। কিন্তু, ব্যাংক থেকে তাঁকে কোনও উত্তর দেওয়া হয়নি। বাধ্য হয়ে তিনি ২ বার আইনজীবীর নোটিশ পাঠান।
তাঁর আইনজীবী শিবাজী সামন্ত বলেন, ২বার আইনজীবীর নোটিশ পাঠানো হয়েছে। ব্যাংকের উপর মহলেও বিষয়টি জানানো হয়েছে। যদিও ব্যাংক তারপরও কোনও ব্যবস্থা নেয়নি। ঘটনার কথা বর্ধমান থানায় জানান গ্রাহক। কিন্তু, থানা কোনও ব্যবস্থা নেয়নি। এসপিকে জানানোর পরও সুরাহা না হওয়ায় শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে মামলা করেছেন গ্রাহক। অভিযোগের বিষয়ে বর্ধমান থানার আইসির কাছ থেকে রিপোর্ট তলব করেছে আদালত। ব্যাংকের যাবতীয় নথিপত্র আদালতে পেশ করা হয়েছে। বর্ধমান থানার এক অফিসার বলেন, আদালতের নির্দেশের বিষয়ে কিছু জানা নেই। আদালত রিপোর্ট তলব করলে তা দেওয়া হবে।

Post a Comment