করোনা সংক্রমণ বাড়ার জের। ফের তারকেশ্বরের গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি
দি নিউজ লায়ন; করোনা সংক্রমণ বাড়ার জের। ফের তারকেশ্বরের গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হল। মন্দির কর্তৃপক্ষের তরফে একটি নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যেভাবে করোনা সংক্রমণ ফের বাড়ছে সেদিকে নজর রেখে আপাতত তারকেশ্বরের গর্ভগৃহে কোন পুণ্যার্থী প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি মন্দির চত্বরে কঠোরভাবে করোনা সংক্রান্ত যে সমস্ত বিধি রয়েছে তা মেনে চলতে হবে। মাস্ক এবং স্যানিটাইজার ছাড়া কোন দর্শনার্থীকে মন্দিরে তো বটেই মন্দির চত্বরেও প্রবেশ করতে দেওয়া হবে না।
পাশাপাশি যে সকল দর্শনার্থী মন্দিরে আসবেন তাদেরকেও সমস্ত রকম বিধিনিষেধ মেনে চলতে হবে। আগের মতই গর্ভগৃহে প্রবেশ না করে চোঙার সাহায্যে জল ঢালতে হবে। পুজো দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু বিধিনিষেধ থাকছে। তারকেশ্বর এস্টেটের মোহন্ত মহারাজ এ প্রসঙ্গে জানিয়েছেন, গোটা রাজ্যে দেশে করোনা সংক্রমণ ফের বাড়ছে। এই পরিস্থিতিতে যেভাবে অসংখ্য পুণ্যার্থী মন্দিরে ভিড় করছেন তাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। সবদিক বিবেচনা করে তাই আপাতত দর্শনার্থীদের গর্ভগৃহের প্রবেশের ক্ষেত্রে বিধি-নিষেধ জারি করতে হলো। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নিষেধাজ্ঞার বিষয় চিন্তাভাবনা করা হবে।

Post a Comment