বনগাঁয় তৃণমূলের ক্যাম্পে ঢুকে কর্মীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
দি নিউজ লায়ন; তৃণমূলের ক্যাম্পে ঢুকে কর্মীদের মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ষষ্ঠ দফা ভোটের দিন দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের খয়রামারি এলাকায়।রাজ্যের অন্য ৪২ টি আসনের সঙ্গে এদিন ভোটগ্রহণ চলছে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রেও। বনগাঁ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের খয়রামারি এলাকায় স্কুলের ২০০ মিটার দূরে তৃণমূলের একটি পোলিং ক্যাম্প হয়েছিল। সেই ক্যাম্পে তিন-চার জন তৃণমূল কর্মী বসেছিলেন।
দুপুর দুটো নাগাদ আচমকা সেখানে হাজির হয় কেন্দ্রীয় বাহিনীর একদল জওয়ান। তৃণমূল কর্মীদের অভিযোগ, ওই সিআরপিএফ জওয়ানরা তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। প্রতিবাদ করলে তাঁরা তাঁদের মারধর করেন। এমনকী পোলিং ক্যাম্প থেকে সকলকে তুলে দেওয়াও হয়। বনগার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের তরফে জানানো হয়, 'আমাদের দলের কর্মীরা এই ক্যাম্পে বসে ভোটারদের সহযোগিতা করেছিলেন। সব দলই যেমন করে। আচমকা সিআরপিএফের একদল জওয়ান এসে আমাদের কর্মীদের গালাগাল করেন।
প্রতিবাদ করলে জওয়ানরা তাঁদের মারধর করে ক্যাম্প থেকে তুলে দেন।' স্থানীয় এক ভোটার বলেন, 'ভোট দিয়ে বাড়ি ফিরছিলাম৷ ক্যাম্পে জল খেতে একটু দাঁড়িয়েছিলাম৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে চরম ব্যবহার করলেন। আমাদের মারধর করল।' যদিও সিআরপিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, ওই পোলিং ক্যাম্পে জটলা করা হচ্ছিল। তাদের ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কাউকে মারধর করা হয়নি।

Post a Comment