অটোতে বসা নিয়ে বচসা থেকে গালিগালাজ ও মারধরের অভিযোগ, বালিতে গ্রেফতার মহিলা
দি নিউজ লায়ন; অটোর সিটে বসা নিয়ে বচসা। আর এর জেরে এক মহিলা যাত্রীকে অশ্রাব্য গালিগালাজ, এমনকি শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে আরেক মহিলা যাত্রীর বিরুদ্ধে। ঘটনার পর ওই নিগৃহীতা মহিলা থানায় গিয়ে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতেই হাওড়ার বালি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতকে হাওড়া জেলা আদালতে বুধবার তোলা হলে ২৮ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটে গত ১৭ এপ্রিল।
কলকাতার রাসবিহারী শাখার এক বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার ( নিগৃহীতা ওই মহিলা ) বালি থেকে একটি অটোতে ওঠেন। উত্তরপাড়ায় বাড়ি ফেরার জন্যই ওই অটো ধরেছিলেন তিনি। ওইদিন সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা নাগাদ তিনি যখন অটোতে ওঠেন, তখন সেখানে আগেই বসেছিলেন অভিযুক্ত মহিলা ও তাঁর ছেলে। নিগৃহীতার দাবি, তিনি অটোর যাত্রী মহিলাকে একটু সরে বসতে বলেছিলেন। কিন্তু তিনি ও তাঁর ছেলে তাতে রাজি হননি। সেই নিয়েই তাদের মধ্যে বচসা বাধে। ব্যাঙ্ককর্মী মহিলার অভিযোগ, অভিযুক্ত মহিলা অশ্লীল ভাষায় তাঁকে গালিগালাজ শুরু করেন।
এমনকি তাঁকে মারধর করেন। সেদিনই বালি থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে বুধবার বালির প্রিয়নাথ ঘোষ লেনের বাড়ি থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তবে তাঁর ছেলেকে বাড়িতে পাওয়া যায়নি। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এরকম গোলমালের একাধিক মামলা এর আগেও বালি থানায় হয়েছে। এই ঘটনার পাশাপাশি ওই মামলাগুলির ভিত্তিতেও অবশেষে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭(খুনের চেষ্টা), ৩৭৯(চুরি), ৫০৬(হুমকি দেওয়া), ৩২৫( মারাত্মক ভাবে আঘাত করা) সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Post a Comment