ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশের, চুঁচুড়ার হাসপাতালে ভর্তি হলেন অযোধ্যার করোনা আক্রান্ত দম্পতি - The News Lion

ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশের, চুঁচুড়ার হাসপাতালে ভর্তি হলেন অযোধ্যার করোনা আক্রান্ত দম্পতি

 


দি নিউজ লায়নঃ    অযোধ‍্যায় কোটি কোটি টাকা খরচ করে রাম মন্দির নির্মাণ হচ্ছে ঠিকই কিন্তু সেখানকার হাসপাতালে বেড নেই, অক্সিজেনের সংকট, ফুটপাতে কাতরাচ্ছে করোনা আক্রান্ত রোগী- সাক্ষাৎ মৃত্যু থেকে বাঁচতে সুদূর উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে 60000 টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে হাজার খানেক কিলোমিটার পাড়ি দিয়ে বাংলায় চিকিৎসা করাতে এলেন উত্তরপ্রদেশের করোনা আক্রান্ত দম্পতি। আপাতত হুগলির চুঁচুড়ার একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। স্বস্তিতে রোগীর পরিবারের সদস্যরা। তারা বলছেন, ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশের। চিকিৎসার ন্যূনতম পরিকাঠামো নেই। তাই ঝুঁকি না নিয়ে প্রাণ বাঁচাতে বাংলায় এসেছেন তারা। 


হাসপাতালে ভর্তি হওয়া থেকে চিকিৎসা পরিকাঠামো, চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ব্যবহার সবকিছুতেই অভিভূত তারা। ধন্যবাদ দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের অযোধ্যার বাসিন্দা দম্পতি লালজি যাদব ও তাঁর স্ত্রী রেখা যাদব সম্প্রতি কোভিড পজিটিভ হন। অযোধ্যা সহ উত্তর প্রদেশের একাধিক হাসপাতালে ঘুরেও ন্যূনতম চিকিৎসার কোনো ব্যবস্থা হয়নি। রাজ্য সরকারের যাবতীয় হেল্পলাইন, নেতা মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেও কাজের কাজ কিছু হয়নি। সকলেই হাত তুলে নিয়েছেন। প্রাণ নিয়ে যখন সংশয় তখন বাধ্য হয়েই হুগলির মগরার এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেন ওই দম্পতির পরিবার। তাঁর পরামর্শে তারা অযোধ্যা থেকেই অ্যাম্বুলেন্স ভাড়া করে পাড়ি দেন বাংলার উদ্দেশ্যে। 


শেষ পর্যন্ত চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই দম্পতিকে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। করোনা আক্রান্ত দম্পতির এক আত্মীয় রবি সংকর যাদব জানিয়েছেন, উত্তরপ্রদেশে ন্যূনতম চিকিৎসা হয়নি। ওখানে পড়ে থাকলে প্রাণ বাঁচানো যেত না। তাই ঝুঁকি নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে বিপুল অর্থখরচ করে বাংলায় তাদের ফিরিয়ে আনা হয়। এখানে তারা যথোপযুক্ত চিকিৎসা পাচ্ছেন এবং চিকিৎসকেরা জানিয়েছেন দ্রুত তারা সুস্থ হয়ে উঠবেন। আর এখানেই প্রশ্ন উঠছে, কয়েকদিন আগেও বাংলায় নির্বাচনী প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলা নিয়ে ভুরিভুরি সমালোচনা করেছিলেন। বাংলায় নাকি সবই খারাপ! 


এখানে স্বাস্থ্য, শিক্ষা সবকিছু জলাঞ্জলী গিয়েছে। এটাই যদি সত্যি হয় তাহলে সুদূর উত্তরপ্রদেশ থেকে চিকিৎসা করাতে কেন এক অসহায় দম্পতিকে বাংলায় আসতে হল 60000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে! কেন উত্তর প্রদেশ সরকার করোনা রোগীদের ন্যূনতম চিকিৎসা দিতে পারছেন না, কেন অক্সিজেনের সংকট, কেন হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ প্রসঙ্গে জানিয়েছেন, মিথ্যাচার করা বিজেপির স্বভাব হয়ে দাঁড়িয়েছে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাংলায় এসে সেই মিথ্যাচার ই করে গিয়েছেন। উত্তরপ্রদেশের পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর কতটা খারাপ তা এই ঘটনা থেকেই প্রমাণিত হলো। একই সঙ্গে প্রমাণিত হলো বাংলার চিকিৎসা পরিকাঠামোর গত 10 বছরে কিভাবে উন্নতি করেছেন মুখ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.