সাঁকরাইলে তৈরি হচ্ছে মাছ বাজার
দি নিউজ লায়নঃ হাওড়ার মাছ বাজারের জট কাটাতে এবার ১৬ নং জাতীয় সড়কের ধারে সাঁকরাইলের আলমপুরে একটি আধুনিক মাছ বাজার তৈরি করছে মৎস দপ্তর। সূত্রের খবর স্টেট ফিসারি ডেভলপমেন্ট কর্পোরেশনের আথিক সহয়তায় নির্মিত এই মাছ বাজারে পাইকারি ও খুচরা দুই ধরনের ব্যাবসার সুবিধা থাকবে। এর পাশাপাশি মাছ সংরক্ষণের জন্য বাজারে কোল্ড স্টোরেজের ব্যাবস্থাও থাকবে। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির আধিকারিকদের দাবি মাছ বাজারটি চালু হয়ে গেলে হাওড়া গ্রামীণ এলাকায় মাছের সরবরাহ আরও সহজলভ্য হবে।
হাওড়া ষ্টেশন সংলগ্ন মাছ বাজার রাজ্যের অন্যতম মাছ বাজার প্রসিদ্ধ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ নিয়ে প্রতিদিন শয়ে শয়ে ট্রাক এই বাজারে আসে। এর পাশাপাশি ব্যাবসার কারনে প্রতিদিন ভোর রাত থেকে হাজারে হাজারে মানুষ ভীড় জমায় এই মাছ বাজারে। যদিও এই মাছ বাজারটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় নানা সমস্যা দেখা দিচ্ছিল। আর এই সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরেই মাছ বাজারটি অন্যত্র সরানোর পরিকল্পনা করছিল মৎস দপ্তর। আর এরপরই আলমপুরে জাতীয় সড়কের পাশে মাছ বাজার তৈরীর পরিকল্পনা করা হয়।
সাঁকরাইল পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন সূত্রে খবর হাওড়া মাছ বাজারে যেসব ট্রাক যায় তার সিংহভাগ ১৬ নং জাতীয় সড়ক দিয়ে যায়। সেক্ষেত্রে আলমপুরে মাছ বাজারটি হলে ট্রাকদের আর হাওড়ায় ঢুকতে হবেনা। তারা এখানেই মাছ সরবরাহ করতে পারবে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় মাছ সরবরাহ সহজলভ্য হবে। এতে ট্রাকগুলির পরিবহন খরচ ও অনেকটাই কমবে বলে দাবি প্রশাসনের কর্তাদের।মাজ বাজার তৈরি প্রসঙ্গে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নবনিতা নস্কর জানান মাছ বাজারটি চালু হলে হাওড়ার মাছ বাজারের চাপ অনেকটাই কমবে।

Post a Comment