প্রায় চার লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক মাদক কারবারি
দি নিউজ লায়ন; প্রায় চার লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৬২ গ্রাম ব্রাউন সুগার এবং ৩ লক্ষ ৩০ হাজার ভারতীয় অর্থ এবং একটি মোবাইল বলে জানিয়েছে পুলিশ । রবিবার গভীর রাতে কালিয়াচকের কিসমতপুরের ট্যাংকি মোড় এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে পাঁচদিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মোবারক সেখ । তার বাড়ি কালিয়াচকের নারায়নপুর এলাকায়। রবিবার গভীর রাতে ওই নগদ লক্ষাধিক টাকার অর্থ এবং ব্রাউন সুগর নিয়ে কিসমতপুর এলাকার ট্যাংকি মোড়ের কাছে গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিল ওই মাদক কারবারি। গোপন সূত্রে খবর পাওয়ার পর কালিয়াচক থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এরপর ওই মাদক কারবারিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতের কাছ থেকেই উদ্ধার হয়েছে ২৬২ গ্রাম ব্রাউন সুগার এবং ৩ লক্ষ ৩০ হাজার টাকার নগদ ভারতীয় অর্থ। এত বিপুল পরিমাণ টাকা ও ব্রাউন সুগার গুলি নিয়ে কোথায় পাচার করার পরিকল্পনা ছিল ওই মাদক কারবারির, সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ ।
এদিকে প্রশ্ন উঠেছে বিধানসভা নির্বাচনের আগে এত বিপুল পরিমাণ টাকা এবং মাদকজাতীয় রব্ব কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল ওই মাদক কারবারি । যদিও এব্যাপারে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয় নি। তবে এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Post a Comment