গণ্ডার খুন, দেখলেই গুলির নির্দেশ গরুমারা ও জলদাপাড়ায়
দি নিউজ লায়ন; গণ্ডার বাচাতে রাজ্যের দুই জাতীয় উদ্যান গরুমারা ও জলদাপাড়ায় ‘ শ্যুট এন্ড সাইট’ এর নির্দেশ দিচ্ছে রাজ্য বন দফতর। বন্যপ্রান বিভাগের রাজ্যের প্রধান মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব সোমবার এই খবর জানিয়েছেন। এছাড়া রবিবার জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার হত্যার ঘটনায় মনিপুর থেকে দুই চোরাশিকারিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য রবিবার ভোরে বন টহলের সময় জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জের জঙ্গলে একটি বছর পনেরর স্ত্রী গণ্ডারের মৃতদেহ নজরে পড়ে বন কর্মীদের।
কাছে গিয়ে বনকর্মীরা দেখতে পান গণ্ডারটির খড়গ কেটে নিয়ে পালিয়ে গেছে চোরা শিকারিরা। মৃত গণ্ডারের শরীরে বুলেটের ক্ষতও পাওয়া গিয়েছে। সাথে সাথে ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। সোমবার মনিপুর থেকে দুই জনকে গ্রেফতার করেছে বনদফতর। বন্যপ্রান বিভাগের রাজ্যের প্রধান মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব বলেন, “ গণ্ডার হত্যা রুখতে আমরা গ্রুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যানে ‘ শ্যুট এন্ড সাইট ‘ নির্দেশ জারি করছি। সোমবার এই নির্দেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া রবিবার জলদাপাড়ায় গণ্ডার হত্যার সাথে যুক্ত দুই চোরা শিকারিকে মনিপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হচ্ছে।” তবে দেখলেই গুলির নির্দেশকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় উদ্যান স্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন “ এই নির্দেশ একমাত্র পুলিশ দিতে পারে। আইননত বন দফতর এই নির্দেশ দিতে পারে না।”

Post a Comment