মাস্ক পরা নিয়ে অভিনব কায়দায় সচেতনতা চালালো বারুইপুর জেলা পুলিশ
দি নিউজ লায়নঃ মাস্ক পরা নিয়ে অভিনব কায়দায় সচেতনতা চালালো বারুইপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বারুইপুর জেলা পুলিশ। রবিবার সকালে বারুইপুরের চম্পাহাটি স্টেশন সংলগ্ন এলাকায় এই অভিনব প্রচার কর্মসূচি চালানো হয়েছে। এদিন যারা মাস্ক না পরে বাড়ির বাইরে বের হয়েছিলেন, তাঁদের গলায় পটলের মালা পরিয়ে দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মহিলা ও পুরুষ সদস্যরা মুখে মাস্ক বিহীন মানুষকে দাঁড় করিয়ে তাঁদের গলায় পটলের মালা পড়িয়ে দেন। মাস্ক বিহীন পথ চলতি মানুষেরা লজ্জায় পড়ে যান।
তাঁদের সচেতন করে মাস্ক পরার কথা বলা হয়। নতুবা পটল তুলতে হতে পারে বলেও সতর্ক করা হয়। এমনকি বিনামূল্যে মাস্ক বিলি করা হয়। এমন অভিনব কায়দায় মাস্ক নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলে এদিন সকাল ৮ নাগাদ। চম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটি ও জেলা পুলিশ। এদিনও দেখা যায় পথচলতি বহু সাধারণ মানুষ মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়েছেন। সাধারণ মানুষ থেকে বাইক চালক, অটো চালক ,টোটো চালক এবং একাধিক গাড়ি চালকদের মাস্ক পড়িয়ে দিয়ে সচেতন করা হয়। যারা মাস্ক বিহীনভাবে অবাধে ঘোরাঘুরি করছিলেন, তাঁদের গলায় পটলের মালা পরানো হয়।
চম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার প্রসেনজিৎ মিস্ত্রি জানান, বহুদিন থেকেই আমরা এলাকার মানুষকে সচেতন করতে রাস্তায় নেমে প্রচার চালাচ্ছি। কিন্তু মানুষের হুঁশ ফিরছিলো না। তাই এদিন এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। বারুইপুর পুলিশ জেলা এবং অন্যান্য কয়েকটি সংস্থা এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই অভিনব উদ্যোগ নেওয়ার ফলে মাস্ক বিহীন মানুষ পটলের মালা পরে বেশ লজ্জা পেয়েছেন। আশা করছি এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে আরোও মানুষ সচেতন হবেন। সবাই মাস্ক ব্যবহার করবেন। আমরা চাই লজ্জা পেয়েও যেন মানুষ মাস্ক ব্যবহার করেন। তাহলেই করোনা সংক্রমণ রোখা যাবে।

Post a Comment