মমতাকে কটুক্তি করার প্রতিবাদ করায় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের বাড়িতে হামলা - The News Lion

মমতাকে কটুক্তি করার প্রতিবাদ করায় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের বাড়িতে হামলা

 


 দি নিউজ লায়ন;  মমতাকে কটুক্তি করার প্রতিবাদ করায়  গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের বাড়িতে হামলা , ভাঙচুর এবং লক্ষাধিক টাকা লুটপাটের অভিযোগ উঠল স্থানীয় একাংশ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই ঘটনায় দু'জন কর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার রাতে এই হামলার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি এলাকায়। এই ঘটনায় তৃণমূল এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় পৃথক ভাবে সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ । পাশাপাশি ওই এলাকায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া নজরদারি চালানো শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে,  আহত দুই জনের নাম বিশাল মন্ডল (২০) এবং পিন্টু চৌহান (২২)। 

 মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সিদাম কর্মকার জানিয়েছেন , নলডুবি এলাকায় কয়েকদিন ধরে বাউল মেলা চলছে। বুধবার রাতেই বাউল মেলায় তার ছেলে দুলাল কর্মকার এবং প্রতিবেশী এক তৃণমূল কর্মী গিয়েছিলেন। আর সেখানেই তাদেরকে উদ্দেশ্য করে কয়েকজন বিজেপি কর্মী  মমতার বিরুদ্ধে কটুক্তি করে। আর তা নিয়ে শুরু হয় গোলমালে সূত্রপাত। সেখানে কথা কাটাকাটির পর রাতেই অভিযুক্তরা দলবল নিয়ে এসে আমাদের বাড়ি ভাঙচুর করে। টিভি, দুই লক্ষ টাকা নগদ, কয়েক ভরি সোনার গয়না সবকিছু লুট করে নিয়ে যাওয়া হয়। ভাঙচুর করা হয় মোটরবাইক, ফ্রিজসহ ঘরোয়া আসবাবপত্র। এই ঘটনার পর আমরা আতঙ্কে রয়েছি। এমনকি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হুমকির ভয়ে এলাকায় ঢুকতে পারছি না। পুরো ঘটনার ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে।


  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাতেই পুরাতন মালদা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও উভয় পক্ষের অভিযোগ দায়ের হওয়ার পরও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নি।পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.