ডোমজুড়ে একটা গদ্দার মীরজাফর ছিল ওর মধ্যে এত প্যাঁচ বুঝতে পারিনি মানুষের টাকা মেরে দিয়েছে, মমতা
দি নিউজ লায়ন; একটা গদ্দার মীরজাফরকে গতবারে মনোনয়ন দিয়ে ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি ওর মধ্যে এত প্যাঁচ লুকিয়ে আছে। আপনারা ওই গদ্দারকে পরাজিত করে ওর জামানত বাজেয়াপ্ত করে দিন। বৃহস্পতিবার চতুর্থ পর্যায়ের নির্বাচনের প্রচারের শেষ লগ্নে হাওড়ার ডোমজুড়ে এক জনসভায় নাম না করে এই ভাবেই ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় কে তীব্র আক্রমণ করলেন মমতা। এদিন তিনি বলেন কারসাজি করে ওই মীরজাফর জনগণের টাকা মেরে দিয়েছে।
সেচ মন্ত্রী থাকাকালীন ওর বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছিলাম আর সেই কারণেই ওকে সরিয়ে বন দপ্তরের দায়িত্ব দিয়েছিলাম। তবে ওর চাহিদা ছিল ইঞ্জিনিয়ারিং দপ্তরের দায়িত্ব। কারণ ওই দপ্তর দিলে ও বেশি করে কমিশন খেত। মমতা অভিযোগ করেন, কলকাতা থেকে দুবাই গদ্দারের প্রচুর সম্পত্তি আছে। এদিন তিনি নাম না করে রাজীবকে সম্পত্তির হিসেব দিতে বলেন। মমতা বলেন যেভাবে মীরজাফর মিথ্যে কথা বলেছে তাতে ওর নিল ডাউন হয়ে ক্ষমা চাওয়া উচিত। কমিশনের শোকজ প্রসঙ্গে মমতা বলেন, দশটা শোকজ করলেও আমার কিছু যায় আসেনা আমার একটাই উত্তর হবে।
তার নামে অভিযোগ করা হলেও নরেন্দ্র মোদির বিরুদ্ধে কেন কোন অভিযোগ করা হচ্ছে না এই নিয়েও প্রশ্ন তোলেন মমতা। এদিন তিনি দাবি করেন দলের কয়েকজন গদ্দার টাকায় বিক্রি হয়েছে। এদিন তিনি বলেন শিল্পের জন্য হাওড়া জেলা বিখ্যাত ছিল। এক সময় এই জেলাকে শিল্পের ম্যানচেস্টার বলা হত। যদিও বাম আমলে এইসব শিল্প বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর নতুন করে শিল্পায়ন শুরু হয় হাওড়া জেলায়। এদিনের সভায় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়ন প্রকল্পের বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান।

Post a Comment