চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল দক্ষিণ দিনাজপুর জেলার ৬০ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতির
দি নিউজ লায়ন; ভোট মিটতে প্রকাশ্যে দক্ষিণ দিনাজপুরে ভাজপার গোষ্ঠী কোন্দল। আদি বনাম নব্য বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হল বিজেপির বুথ সভাপতির। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ৬০ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি মানবেশ দাস(৪৫)। এদিকে সংঘর্ষে জখম হয়েছেন তারক দাস নামে আরও এক বিজেপি কর্মী। বর্তমানে তারক দাস গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযোগের তীর সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া পিনাকি প্রামানিকের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার পুলিশ।
যদিও ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। জানা গেছে, ঘটনার সূত্রপাত গত ২৭ এপ্রিল রাতে। গঙ্গারামপুর স্টেডিয়াম সংলগ্ন প্রাণসমিতিতে বচসায় জড়িয়ে পড়েন আদি বিজেপি তথা ৬০ নম্বরের বুথ সভাপতি মানবেশ দাস ও নব্য বিজেপি কর্মী সমর্থক পিনাকি প্রামানিক। বচসা হাতাহাতিতে পোঁছায়। অভিযোগ, আদি বিজেপি কর্মী মানবেশ দাসের উপর লাঠি সোটা নিয়ে হামলা চালায় পিনাকি ও তার সঙ্গীরা। শুধুমাত্র মানবেশ নয় মারধর করা হয় আর এক পুরনো বিজেপি কর্মী তারক দাসকেও৷ ঘটনায় দু'জনেই গুরুতর আহত হন। যার মধ্যে মানবেশ দাসের অবস্থা আশঙ্কাজনক ছিল। ওই দিন রাতেই মানবেশবাবুকে প্রথমে গঙ্গারামপুর ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করার হয়।
আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানবেশবাবু। এই ঘটনায় অভিযোগের তীর পিনাকি প্রামানিকের বিরুদ্ধে। পিনাকি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অশোক বর্ধনের অনুগামী বলেই পরিচিত। এদিকে এই ঘটনার পর থেকে পলাতক পিনাকি। যদিও এনিয়ে গঙ্গারামপুর থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে এবিষয়ে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি জানান, প্রত্যেক মৃত্যুই দুঃখজনক। তবে এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হয়েছে বলে তিনি জানান।

Post a Comment