অবশেষে বারুইপুর মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে ১০০ শয্যার করোনা হাসপাতাল
দি নিউজ লায়ন; অবশেষে বারুইপুর মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে ১০০ শয্যার করোনা হাসপাতাল। এই হাসপাতালের পুরুষ ও মহিলা বিভাগে করোনা রোগীদের রাখার জায়গা করা হবে। আর এই বিভাগ চলে যাবে পাশেই বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, এমনই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। তবে কতজন চিকিৎসক, নার্স এই পরিষেবার কাজে যুক্ত হবেন তা নিয়েই এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন দক্ষিন ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায়। তিনি বলেন, সব কিছু নিয়েই আলোচনা চলছে। হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করাও হয়েছে।
বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিধানসভার বিদায়ি অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় এই উদ্যোগ নিয়েছেন। তিনি জানিয়েছেন, আমি নিজে স্বাস্থ্য দপ্তর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি করোনা পরিস্থিতি নিয়ে। যে ভাবে করোনার দাপট বাড়ছে তাতে হাসপাতালে করোনার চিকিৎসা করা খুবই দরকার। বারুইপুরে কোন কোভিড হাসপাতাল না থাকায় দিনের পর দিন সাধারন মানুষজনকে ভুগতে হচ্ছিল চিকিৎসার জন্য। কোথাও কোন বেড না পেয়ে রোগীর অবস্থা মরনাপন্ন হচ্ছিল। এমনকি বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে বাঙ্গুর হাসপাতালে রোগীকে পাঠানো হলেও কোন বেড না থাকায় চরম সংকটে পড়তে হচ্ছে রোগীর পরিবারকে।
এই হাসপাতালে করোনা চিকিৎসা শুরু হলে শুধু বারুইপুর পুরসভা ও পঞ্চায়েত এলাকা নয় উপকৃত হবে সুন্দরবনের কুলতলি, জয়নগর থেকে শুরু করে ভাঙড়, সোনারপুর এলাকার মানুষজন। বিধানসভার বিদায়ী অধ্যক্ষের এই উদ্যোগকে সাধ্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তবে বাসিন্দাদের বক্তব্য,১৫ জন চিকিৎসক লাগবে এই পরিষেবায়। এমনিতেই অনেক চিকিৎসকের অভাব হাসপাতালে। তার মধ্যে এই পরিষেবা কিভাবে চালু হবে তা নিয়ে দুশ্চিন্তাও রয়েছে।

Post a Comment