মালদার আদিবাসী পাড়ায় ভাজপায় ধস, তৃণমূলে যোগ ৪৫০ বিজেপি কর্মী সমর্থকের - The News Lion

মালদার আদিবাসী পাড়ায় ভাজপায় ধস, তৃণমূলে যোগ ৪৫০ বিজেপি কর্মী সমর্থকের

 


দি নিউজ লায়ন;  নির্বাচনের মধ্যে মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী উজ্জল চৌধুরি সমর্থনে বিজেপির যুব মোর্চা ছেড়ে প্রায় ৫০ জন তৃণমূলে যোগদান করলেন। পাশাপাশি এই কেন্দ্রের বিজেপি পরিচালিত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ তুলে আদিবাসী পাড়ার প্রায় ৪০০ জন তৃণমূলে যোগদান করলেন। শুক্রবার দুপুরে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের চরকাদিরপুরের আদিবাসী পাড়া এলাকায় তৃণমূলের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ওপর বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন সাধারণ গ্রামের খেটে খাওয়া প্রায় ৪০০ জন পুরুষ- মহিলা বলে দলের পক্ষ থেকে দাবি করা। 


তৃণমূলে যোগদানকারীদের অভিযোগ, এতদিন ধরে আমরা গ্রামে পঞ্চায়েত থেকে ন্যূনতম পরিষেবা পায় নি । আদিবাসীদের জন্য রাজ্য সরকার যে ভাতা চালু করেছে , সে ব্যাপারেও কোন কিছু জানানো হয় নি । দিনের পর দিন বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ নানান প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। কিন্তু গ্রামে কোনও উন্নয়ন মূলক কাজ করে নি। তাই এদিন বাধ্য হয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূলে যোগদান করেছি। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত কুন্ডু, স্থানীয় ব্লক তৃণমূলের যুব সভাপতি হারেজ আলী সহ অন্যান্য নেতৃত্ব । এদিন আদিবাসী পাড়ার একটি আম বাগানের মধ্যেই এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় । বলাবাহুল্য , সম্প্রতি মালদা সফরে এসে কেন্দ্রীয় মন্ত্রী অরবিন্দ মেনন এই আদিবাসী পাড়ায় গিয়ে জনসংযোগ কর্মসূচি করেছিলেন। এমনকি এক আদিবাসীর বাড়িতেও দুপুরের আহার করেছিলেন । কিন্তু তারপরেও ওই এলাকার বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হবার বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।


এদিন আদিবাসী পাড়ায় তৃণমূলে যোগদানকারী কয়েকজন বাসিন্দারা বলেন , আমাদের গ্রামের রাস্তা নেই । পরিস্রুত পানীয় জল পাই না। এরকম আরো অনেক সমস্যা রয়েছে। অথচ এই এলাকাটি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের অধীনে । সংশ্লিষ্ট পঞ্চায়েত  এই গ্রামকে উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত রেখেছে। তাই এদিন বিজেপির প্রতি ধিক্কার জানিয়ে এই গ্রামের প্রায় ৪০০ জন পুরুষ ও মহিলা তৃণমূলে যোগদান করেছেন। এদিন যোগদান কর্মসূচির পর তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত কুন্ডু বলেন, মুখ্যমন্ত্রী উদ্যোগে আদিবাসীদের জন্য অনেক প্রকল্প তৈরি হয়েছে। এমনকি গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। কিন্তু বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কোন উন্নয়ন করে নি। তাই এই গ্রামের প্রায় ৪০০ মানুষ তৃণমূলে যোগদান করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.