রাজ্যকে 95 মেট্রিকটন তরল অক্সিজেন সরবরাহ করবে হলদিয়া পেট্রোকেমিক্যালস
দি নিউজ লায়ন; করোনা রোগীদের চিকিৎসায় রাজ্যের যতটা প্রয়োজন সেই মত অক্সিজেনের পুরোটাই দেবে হলদিয়া পেট্রোকেমিক্যালস। সংস্থার তরফে এমনই আশ্বাস দেওয়া হয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যালস বা এইচপিএলের তরফে বুধবার জানানো হয়, তাদের নিজস্ব উৎপাদনের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন থেকে দৈনিক ৯৫ মেট্রিক টন তরল অক্সিজেন তৈরি হয়।সেই অক্সিজেন এবার রাজ্যকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করার জন্যে সরবরাহ করবে তারা। এর ফলে করোনা মোকাবিলায় অনেকটাই সুবিধা হবে বলে আশা তাদের।
রাজ্যের অক্সিজেন চাহিদার অন্তত ৪০% মেটাতে পারবে বলে তাদের দাবি। এ রাজ্যের বিভিন্ন সংস্থার অক্সিজেন উৎপাদন কেন্দ্রে মোট দৈনিক উৎপাদন ক্ষমতা ৪৭০ টন। দৈনিক চাহিদা ৩০০ টন ।কিন্তু সিলিন্ডারের অভাব' কিছু ক্ষেত্রে অহেতুক মজুত এবং জোগান ব্যবস্থা ঘাটতি জেরে বাজারে সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট মহলের। এইচপিএল বলছে তাদের কারখানার মধ্যেই প্র্যাক্স এয়ার নামে একটি সংস্থা নাইট্রোজেন প্ল্যান্ট রয়েছে। সেখানে নাইট্রোজেনের সঙ্গে যে অক্সিজেন তৈরি হয় তা চিকিৎসা ছাড়া নানা ক্ষেত্রে বিক্রি হয়ে যায়। কিন্তু এখন পুরোটাই চিকিৎসার জন্য দেওয়া হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে করোনা পরিস্থিতির জেরে যে সংকটের মধ্যে পড়তে হয়েছে তা থেকে বেরিয়ে আসতে সমস্ত রকম সহায়তা করতে প্রস্তুত তারা।

Post a Comment