পাওনা টাকা দিন না হলে করোনা ছড়িয়ে দেব ! টাকা আদায়ে করোনা আক্রান্ত স্ত্রীকে দিয়ে ভয় দেখানোর অভিযোগ - The News Lion

পাওনা টাকা দিন না হলে করোনা ছড়িয়ে দেব ! টাকা আদায়ে করোনা আক্রান্ত স্ত্রীকে দিয়ে ভয় দেখানোর অভিযোগ

 


দি নিউজ লায়ন;   পাওনা টাকা দিন না হলে করোনা ছড়িয়ে দেব ! পাওনা টাকা আদায়ে করোনা আক্রান্ত স্ত্রীকে দিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটিতে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে এলাকার বাসিন্দারা। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ওই ব্যবসায়ী এবং তার স্ত্রীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বেশ কয়েকমাস আগে। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট এলাকার বাসিন্দা পেশায় ইট ব্যবসায়ী গঙ্গারাম সরকার শেষনাথ সিং নামে স্থানীয় এক ইটভাটা মালিককে 5 লক্ষ টাকা ধার দেন।


 নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সেই টাকা শোধ দিচ্ছিলেন না শেষনাথ। ব্যবসায় মন্দার কথা বলে বারবার ঘোরাচ্ছিলেন। ইতিমধ্যে গঙ্গারামের স্ত্রী জয়া সরকার করোনা আক্রান্ত হন। গোটা রাজ্য দেশ যখন করোনার ভয়ে কাঁটা ঠিক তখনই দুষ্টু বুদ্ধি খেলে যায় গঙ্গারামের মাথায়। করোনা আক্রান্ত স্ত্রীকে সোজা একটি টোটোতে তুলে হাজির হয়ে যান শেষনাথের বাড়িতে। সটান বাড়ির ভেতরে ঢুকে জানান তার স্ত্রী করোনা আক্রান্ত যদি পাওনা টাকা তিনি না পান তাহলে তার স্ত্রীকে এই বাড়িতেই তিনি রেখে যাবেন এবং তার স্ত্রীর থেকে যদি কেউ করোনা আক্রান্ত হন তবে তার দায় শেষনাথের।


 চোখের সামনে করোনা রোগীকে বাড়ির দাওয়ায় বসে থাকতে দেখে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে শেষনাথের। দুজনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। কোনো ক্রমে প্রতিবেশীরা  বুঝিয়ে গঙ্গারামকে নিরস্ত্র করে। তার স্ত্রীকে সেখান থেকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনার কথা লিখিতভাবে জানানো হয় পুলিশকে। যদিও এতে দোষের কিছু দেখছেন না গঙ্গারাম। তার সাফাই, স্ত্রী করোনা আক্রান্ত। হাতে টাকা নেই। স্ত্রীর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। বার বার বলেও টাকা পাওয়া যায়নি। বুধবার একটি চেক দিয়েছিলেন শেষনাথ কিন্তু সেই চেক ভাঙ্গানো যায় নি তাই বাধ্য হয়েই করোনা আক্রান্ত স্ত্রীকে নিয়ে গিয়ে টাকা চাইতে হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.