ভোটের পরদিন রাজনৈতিক হিংসায় উত্তপ্ত বর্ধমান - The News Lion

ভোটের পরদিন রাজনৈতিক হিংসায় উত্তপ্ত বর্ধমান

 


দি নিউজ লায়ন;  ভোটের পরদিন বর্ধমান শহর রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠলো। শনিবার রাতে সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজেপি কর্মীরা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রাতে পরিস্থিতি শান্ত হলেও রবিবার ফের নতুন করে বর্ধমান শহরের লক্ষ্মীপুর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল-বিজেপি কর্মীরা। 


শনিবার রাতে ভোট শেষ হওয়ার পর রাতে ওই এলাকার তৃণমূল নেতা-কর্মীদের মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রাতেই অভিযুক্তদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করেন তৃণমূল কর্মীরা। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। গভীর রাতে ওঠে বিক্ষোভ। রবিবার সকালে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূল প্রার্থী খোকন দাসকেও মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। রীতিমতো তাড়া করা হয় তাঁকে। আক্রান্ত হন একাধিক তৃণমূল কর্মী। তাঁদের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। 


স্থানীয় একটি ক্লাবেও ব্যাপক ভাঙচুর চালায় বিজেপি। এরপর বর্ধমান শহরের কাঞ্চননগর রথতলা এলাকার বেড়পুকুর এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। তৃনমূল কংগ্রেসের অভিযোগ, কাঞ্চন রথতলা এলাকার একটি পাটি অফিস ভাঙ্গচুর করার অভিযোগ ওঠে  বিজেপির বিরুদ্ধে। এরপর একের পর এক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ি ভাঙ্গচুর করা হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। যদিও বিজেপির এখনও বক্তব্য পাওয়া যায় নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.