হাতির হামলায় আলিপুরদুয়ারে দুই জনের মৃত্যু
দি নিউজ লায়ণ; বুধবার রাতে হাতির হামলায় আলিপুরদুয়ার জেলায় দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া দুই এলাকায় দুই জনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মৃতদের পরিবারগুলোকে দ্রুত সরকারি নিয়মে ক্ষতিপুরন দেওয়ার কথা ঘোষনা করেছে সংশ্লিষ্ট বন দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া পানবাড়ি ফরেস্টের কাছে লোয়ারপট্টি এলাকায় বৃহস্পতিবার ভোরে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ দেখেই স্থানীয়রা বুঝতে পারেন বুনো হাতির হামলায় এই ব্যাক্তির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম ধুমড়া মিঞ্জ(৪৫)। স্থানীয় এলাকাতেই তার বাড়ি। বৃহস্পতিবার রাতে একপাল হাতি বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে ওই এলাকায় ঢুকেছিল বলে জানা গিয়েছে। সেখানেই এক হাতির মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে হাতির হামলায় মৃতের পরিবারকে ক্ষতিপুরন দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর।
অন্যদিকে জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া উত্তর সিধাবাড়ি এলাকায় হাতির আক্রমনে মৃত্যু হয়েছে এক ৫০ বয়সী ব্যক্তির।বুধবার গভীর রাতে হাতির হানায় মৃত্যু হয় আলিপুরদুয়ার ১ নং ব্লক উত্তর সিধাবাড়ি এলাকার বাসিন্দা বিমল রায়ে'র। তিনি বাড়িতে একাই থাকতেন। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল নাগাদ স্থানীয় বাসিন্দারা বিমল রায় কে ক্ষতবিক্ষত অবস্থায় বাড়ির পাশে পরে থাকতে দেখেন। গায়ে কম্বল- মশারি জরানো। বিমল রায় কে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। সামনে এগোলে দেখা যায় তার বাড়ির বেড়া ভাঙ্গা। ঘরের ভেতর সমস্তকিছু তছনছ হয়ে পড়ে রয়েছে। সেই দেখেই স্থানীয়রা বুঝতে পারেন গভীর রাতে হাতির আক্রমনেই বিমল রায়ের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান খাবারের খোঁজে এসে কম্বল- মশারি জরানো অবস্থায় বিমল রায় কে বিছানা থেকে টেনে বের করে বুনো হাতি পায়ে পিষ্ট করে মেরে ফেলে তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনাপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও দীপক এম বলেন, " ঘটনার তদন্ত চলছে। রেঞ্জ অফিসার তদন্ত রিপোর্ট জমা দিলে ঘটনা ঠিক কি হয়েছিল তা জানা যাবে। তবে পঞ্চায়েতের যাবতীয় কাগজ জমা দিলে সরকারি সব ক্ষতিপুরন মৃতের পরিবারকে দিয়ে দেওয়া হবে।"

Post a Comment