আগুনে আতঙ্ক আন্দুলে
দি নিউজ লায়ন; মঙ্গলবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল হাওড়ার মৌড়ীগ্রামের কাছে আন্দুল রোডে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের উল্টোদিকে একটি গাড়ি পার্কিং করার গ্যারাজে দুটি গাড়িতে আগুন লাগে। জানা গেছে, এদিন দুপুর বারোটা নাগাদ ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। একটি তেল বোঝাই ট্যাঙ্কারে প্রথমে আগুন লাগে। তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি একটি খালি ট্যাঙকারেও আগুন লাগে।
তেলবোঝাই ট্যাঙ্কারটি থেকে প্রায় বেশ কয়েক ফুট উঁচু পর্যন্ত আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে । মূহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইন্ডিয়ান অয়েলের কর্মী ও অফিসাররাও ঘটনাস্থলে ছুটে আসে। তাঁরা সেখান থেকে পাইপে করে জল নিয়ে এসে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রথমে দমকলের একটি ইঞ্জিন ও পরে দমকলের আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সাকিট কিংবা অন্য কোনও কারণে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। এই অগ্নিকান্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। অগ্নিকাণ্ডের সময় বেশ কিছুক্ষণ আন্দুল রোডের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। আগুনের কারণ জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post a Comment