আদিবাসী ভোটারদের ভীতি প্রদর্শন ও ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক স্থানীয় তৃণমূল নেতা
দি নিউজ লায়ন; গলসি বিধানসভার শিড়রাই গ্রামে আদিবাসী ভোটারদের ভীতি প্রদর্শন ও ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূলের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম আশিস রায়। শিড়রাই গ্রামেই তার বাড়ি। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ও ভোটের দিন সকালে আশিস, শেখ সাবলু ও শেখ ধাঁধাইয়ের নেতৃত্বে কয়েকজন বাইকে চেপে শিড়রাইয়ের কয়েকটি বুথের ভোটারদের চমকায়। ভোট দিতে গেলে দেখে নেওয়ার হুমকি দেয়। এমনকি বাড়ির মহিলাদের ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ভয়ে ভোটাররা ভোট দিতে যেতে চাননি।
খবর পেয়ে বিশাল পুলিস ও কেন্দ্রীয় বাহিনী এবং কমিশনের লোকজন গ্রামে গিয়ে ভোটারদের বুঝিয়ে আসে। পরে ভোটাররা ভোট দিতে আসেন। পুলিসের কাছে ভোটাররা চমকানির অভিযোগ তুলে ধরেন। রাতে ফের এলাকায় উত্তেজনা ছড়ায়। কিছু দুষ্কৃতি গ্রামে ঢুকে ভয় দেখায়। খবর পেয়ে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। রাতেই ঘটনার বিষয়ে গলসি থানার মল্লসারুলের বাসিন্দা জীবন বাগদি অভিযোগ দায়ের করেন।
উত্তেজনা থাকায় এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে। গ্রামে টহল দিচ্ছে পুলিস। গলসি থানার এক অফিসার বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিস মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। ঘটনায় ভোটারদের ভীতি প্রদর্শন, বেআইনী জমায়েত, গালিগালাজ ও এসসিঅ্যান্ডএসটি অ্যাক্টের ধারায় মামলা রুজু হয়েছে। শুক্রবার ধৃতকে বর্ধমানের বিশেষ আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৫ মে ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক।

Post a Comment