হরিশ্চন্দ্রপুরে ভাজপা প্রার্থী মহম্মদ মতিউর রহমানের নাম ঘোষণা হতেই বিক্ষোভে ফেটে পড়লেন দলের একাংশ কর্মী-সমর্থকেরা
দি নিউজ লায়ন; হরিশ্চন্দ্রপুরে ভাজপা প্রার্থী মহম্মদ মতিউর রহমানের নাম ঘোষণা হতেই বিক্ষোভে ফেটে পড়লেন দলের একাংশ কর্মী-সমর্থকেরা। হরিশ্চন্দ্রপুরে দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিলেন ক্ষিপ্ত সমর্থকেরা। বৃহস্পতিবার বিকালে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। আর সেখানেই মহম্মদ মতিউর রহমানের নাম উঠে আসতেই নিজেদের ক্ষোভ ধরে রাখতে পারেন নি হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের অধিকাংশ বিজেপির কর্মী-সমর্থকেরা।
মতিউর রহমানকে কোনভাবেই সমর্থন করা যাবে না এই রকমই অভিযোগ তুলে দলের একাংশ কর্মী-সমর্থকরা পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ । ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় দলীয় কার্যালয়ের চেয়ার , টেবিল, বেঞ্চ থেকে শুরু করে নানান ধরনের আসবাবপত্র। এমনকি দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় বিজেপির কর্মী-সমর্থকেরা প্রার্থীর বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভে সোচ্চার হন। এমনকি মোটা টাকার লেনদেনের বিনিময় প্রার্থী পছন্দ করা হয়েছে এমন অভিযোগ তোলেন বিক্ষোভকারী দলের কর্মী , সমর্থকরা। প্রায় দুই ঘন্টা ধরে বিজেপি কার্যালয়ের সামনে চলতে থাকে বিক্ষোভ কর্মসূচি। এমনকি দলের ঝান্ডা ছিড়ে দরজা-জানলা ভেঙে বিক্ষোভ দেখান বিজেপির একাংশ কর্মী-সমর্থকেরা । পরে অবশ্য হরিশ্চন্দ্রপুর নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বিক্ষোভকারী বিজেপি কর্মীদের সাফ কথা, মতিউর রহমান যিনি হরিশ্চন্দ্রপুর থাকেন না, বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসলেন আর হঠাৎ করে তাকে দলের প্রার্থী করে দেওয়া হলো। অথচ এখানে স্থানীয় অনেক নেতারা রয়েছেন, যারা বিজেপির জন্য বিভিন্ন আন্দোলনে শামিল হয়েছেন। নিজেদের শরীরের রক্ত দিয়ে দল করেছেন। তাদেরকে কোনভাবেই আমল দেওয়া হলো না । এই ঘটনায় মোটা টাকার লেনদেন হয়েছে। তাই এই প্রার্থীর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। প্রার্থী বদল নিয়ে দল যদি ভাবনা চিন্তা না করে তাহলে নির্বাচনে বিক্ষোভকারীরা সরে দাঁড়াবেন বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন।
বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মন্ডল জানিয়েছেন, প্রার্থী ঠিক করে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব । এখানে জেলা নেতৃত্বে কোন হাত নেই। যদিও কেউ বলে থাকে যে আমরা এই ঘটনার পিছনে আর্থিক লেনদেন করেছি, তাহলে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এখন কোথায় কে পার্টি অফিসে ঢুকে ভাঙচুর করলো সে সম্পর্কে কিছু বলতে পারব না। তবে এই প্রার্থী বাছাইয়ের বিষয়টি সঠিক করে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্র। সুতরাং তারা এব্যাপারে পরিষ্কার করে কিছু বলতে পারবে। এর বাইরে বেশি কিছু বলতে পারব না।

Post a Comment