ভাজপার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের
দি নিউজ লায়ন; বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে হত্যার চক্রান্ত করেছে ভাজপা। ভাজপার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বুধবার নন্দীগ্রামে যেভাবে মমতাকে ধাক্কা দেওয়া হয়েছে তা পূর্ব পরিকল্পিত বলেই মনে করেন তিনি। জ্যোতিপ্রিয় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একমাত্র পথের কাঁটা হয়ে উঠেছেন আজ মমতা। সেটা ভাজপা খুব ভালো করে বুঝতে পারছে। আর সেই কারণেই মমতাকে হত্যা করার চক্রান্ত করছে বিজেপি। জ্যোতিপ্রিয় দাবি করেন, বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের আগে গুজরাট, বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকে অস্ত্র আমদানি করা হচ্ছে।
এটা ভয়ঙ্কর ভয়াবহ। যারা মুখ্যমন্ত্রীকে বিদ্রুপ করছেন, সেই ব্যারাকপুরের ভাজপা সাংসদ নিজের মুখটা ভালো করে আয়নায় দেখুন, তাহলে বুঝতে পারবেন। তিনিই প্রথম শিখিয়েছেন রাজনীতিতে কীভাবে সমাজবিরোধী আমদানি করতে হয়। ভোটের আগে বাংলায় অশান্তির আবহ তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। জ্যোতিপ্রিয় হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতার উপর নন্দীগ্রামে যে আক্রমণ ঘটেছে সেই আক্রমণের প্রত্যাঘাত বাংলার মাটিতে ঘটবে। তিনি বলেন, বাংলার মানুষ নন্দীগ্রামের ঘটনার উত্তর দিয়ে দেবেন। মমতা ২৫০ টির বেশী আসন নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তিনি ভাজপাকে খোঁচা দিয়ে বলেন, ভাজপার ইন্টেলিজেন্স এজেন্সি তাদের কি জানায়নি, এবারে বাংলায় ভাজপা ৫০ টির বেশী আসন পার করতে পারবে না।
তার উপর গতকাল যা ঘটেছে তাতে বাংলায় ভাজপার যবনিকা পতন হয়ে গিয়েছে। এখন এক, দুই তিন করে অপেক্ষা করতে থাকুন। দেখতে পাবেন বাংলায় ভাজপার কি অবস্থা হয়। বাংলায় একুশের নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন জ্যোতিপ্রিয়। বৃহস্পতিবার নন্দীগ্রামে মমতার উপর আক্রমণের ঘটনাকে বিরোধীরা যে নাটক বলে দাবি করছে সেই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, আগামী ২ মে ভোটের ফল বেরোনোর পর বাংলার মানুষ বুঝিয়ে দেবে নাটক কোনটা। ২ মে বিকাল পাঁচটার পর নাটক ভালো করে বুঝে যাবে ভাজপা। দেখবেন সেই সময় কেউ চিলেকোঠার চালে উঠবে, আবার কেউ দমদম এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবে, কেউ আবার নীচে বাড়ির গেট বন্ধ করে ছাদের উপর উঠে বসে থাকবে।

Post a Comment