পানীয় জলের দাবিতে গোপীবল্লভপুরে পথ অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ - The News Lion

পানীয় জলের দাবিতে গোপীবল্লভপুরে পথ অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ  পানীয় জলের দাবিতে সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের লোহামালিয়ায়  গোপীবল্লভপুর নয়াগ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের উপর হাঁড়ি, কলসী রেখে অবরোধ করলো গ্রামবাসীরা । পুলিশের হস্তক্ষেপে প্রায় দুই ঘন্টা পর  পথ অবরোধ উঠে । অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে । গ্রামবাসীদের অভিযোগ , লোহামালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে । সমস্যা সমাধানের জন্য প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও সমস্যার কোনো সুরাহা হয়নি । 


গরম পড়লেই এলাকায় যে সকল নলকূপ এবং পাতকুয়ো রয়েছে তা প্রায় শুকনো হয়ে যায় । পানীয় জলের জন্য ভরসা করতে হয় পার্শ্ববর্তী গ্রাম বা খালের জলের উপর । দিলীপ মান্ডি, সরলা হাঁসদার  মতো গ্রামবাসীরা বলেন, "আমাদের এখানে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা রয়েছে।  প্রশাসনকে বারংবার বলা হয়েছে । এখানে পানীয় জলের সুব্যবস্থা করা হোক । কিন্তু তা হচ্ছে না । আমরা সমস্যায় পড়ছি । বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করেছি।   প্রায় দু'ঘণ্টা ধরে আমাদের এই পথ অবরোধ চলে । 


পানীয় জলের সমস্যা নিয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "লোহামালিয়া গ্রামের জন্য একটি পানীয় জলের প্রকল্প চালু হয়েছিল। কিন্তু ইতিমধ্যে তাতে জল না থাকায় সমস্যা তৈরি হয়েছে।সদ্য একটি নতুন প্রকল্পের ওয়ার্ক অর্ডার বের হলেও ভোট ঘোষণা হতে কাজ করা যায়নি। কিন্তু সমস্যার গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে পুরোনো কলগুলি সারাই করে পানীয় জলের ব্যবস্থা করা হবে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.