বিজেপি ক্ষমতায় এলে বাংলা সোনার বাংলা হয়ে গড়ে উঠবে, যোগী আদিত্যনাথ
দি নিউজ লায়নঃ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির সমর্থনে বেলদা এলাকায় বিজেপি দলের পক্ষ থেকে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ওই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির জেলা সভাপতি সৌমেন তেওয়ারী, প্রার্থী রমাপ্রসাদ গিরি সহ বিজেপি দলের নেতৃত্বরা। তবে জনসভায় আশানুরূপ মানুষের সমাগম হয়নি। কার্যত ফাঁকা মাঠে তিনি বক্তব্য রাখেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার ভাষণে বলেন অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে। রাম হলো সংস্কৃতি ও পরস্পরার ধারক। বাংলায় জয় শ্রীরাম বললে গ্রেপ্তার হতে হয় ,জেলে থাকতে হয় ।
তিনি মেদিনীপুর বাসীকে অযোধ্যায় রাম মন্দির দেখার জন্য আহ্বান জানান । তিনি বলেন গত চার বছর উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। গত চার বছরে উত্তরপ্রদেশের যে উন্নয়ন হয়েছে তা এর আগে কোনও দিন হয়নি। তিনি তার ভাষণে বলেন কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রের বিজেপি সরকার। কংগ্রেস পাপ করেছিল ৩৭০ ধারা চালু করে। সেই পাপ মুক্ত হলো কাশ্মীরবাসী। বিজেপি যা বলে তাই করে। নরেন্দ্র মোদী অমিত শাহ এর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সারাদেশের উন্নয়নে কাজ করছে। বাংলার সরকার সেভাবে কোনো কাজ করেনি। কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলি রূপায়ণ করেনি। বিজেপিকে ক্ষমতায় আনুন বাংলায় জল ,বিদ্যুৎ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে। বেকার যুবকদের কর্মসংস্থান হবে।
কৃষকরা কিষান সম্মান নিধি পাবে। কল কারখানা তৈরি হবে। বাংলা সোনার বাংলা হয়ে গড়ে উঠবে। তিনি আরো বলেন যে রাম মন্দিরএর ভিত পুজোর দিন বাংলায় লকডাউন ঘোষণা করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি করতে চাইছে তিনিই ভালোভাবে জানেন না। তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে পরিপূর্ণ। যারা উন্নয়নের টাকা চুরি করে, চাল চুরি করে, ত্রিপল চুরি করে তাদের আপনারা ভোট দেবেন না। তাই নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। তবে তার নিরাপত্তার জন্য এ দিন বেলদার জনসভার মাঠে মানুষের তুলনায় পুলিশ ছিল কয়েক হাজার। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা ছিল। কারন বেশকিছু সংগঠনের পক্ষ থেকে যোগী আদিত্যনাথ দুর হটো বলে বেলদা এলাকায় মঙ্গলবার সকালে পোস্টার পড়ে। তাই যোগীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল বলে জানা যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণভাবে যোগী আদিত্যনাথের বেলদার সভা শেষ হয়েছে।

Post a Comment