লটারিতে টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারিত হলেন এক মহিলা - The News Lion

লটারিতে টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারিত হলেন এক মহিলা

 


দি নিউজ লায়ন;      লটারিতে টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারিত হলেন এক মহিলা। জানা যায়, লটারিতে ২৫ লক্ষ টাকা জেতার টোপ দিয়ে মহিলার কছে থেকে ৪২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। মহিলার কাছে আরও টাকা দাবি করে প্রতারক। যদিও তিনি তা দেননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি টাকা ফেরত চান। তাঁকে ১ মাস পর টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের মেহেদিবাগান এলাকায় ওই মহিলার বাড়ি। কয়েকদিন আগে তাঁর কাছে একটি ফোন আসে। ফোনে তাঁর কাছ থেকে হোয়াটসঅ্যাপ নম্বর জানতে চাওয়া হয়। তিনি তা বলে দেন। এরপরই হোয়াটসঅ্যাপে তাঁকে জানানো হয়, তিনি লটারিতে ২৫ লক্ষ টাকা জিতেছেন। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অভিনেতা অমিতাভ বচ্চনের একটি ভিডিও তাঁকে পাঠানো হয়। তাতে তিনি লটারিতে পুরস্কার জিতেছেন বলে দেখানো হয়। বিষয়টি কাউকে না জানানোর জন্য বলা হয় তাঁকে। লটারির পুরস্কারের টাকা পেতে জিএসটি বাবদ তাঁকে ১২ হাজার ২০০ টাকা দিতে বলা হয়। টাকা জমা দেওয়ার জন্য একটি অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় তাঁকে। পুরস্কার জেতার আনন্দে কোনও কিছু বিবেচনা না করে তিনি প্রতারকদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে টাকা জমা করেন। এরপর তাঁকে এক অফিসারের সঙ্গে ফোনে কথা বলতে বলা হয়। সেই অফিসার তাঁকে পিন নম্বর অ্যাক্টিভেট করার জন্য আরও ৩০ হাজার টাকা দিতে বলেন। অনলাইনে সেই টাকাও একটি অ্যাকাউন্টে জমা করেন তিনি। 


টাকা জমা করার পর কবে তিনি পুরস্কারের অর্থ পাবেন তা জানতে চান। তখন তাঁকে একটি ফোন নম্বর দিয়ে সেটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জেনারেল ম্যানেজারের বলে জানানো হয়। সেই নম্বরে তাঁকে কথা বলতে বলা হয়। চেকে সই করার জন্য তাঁকে আরও ৪৫ হাজার টাকা দিতে বলা হয়। সেই টাকা দিতে অস্বীকার করেন মহিলা। তিনি জমা করা ৪২ হাজার ২০০ টাকা ফেরত চান। একমাস পর তাঁকে টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। বর্ধমান থানার এক অফিসার বলেন, এ ধরণের প্রতারণার ঘটনা হামেশাই ঘটছে। সাধারণ মানুষের এনিয়ে সচেতনতা না বাড়লে এ ধরণের ঘটনা বন্ধ হবে না। তদন্ত শুরু হয়েছে। ঘটনার কিনারায় সাইবার থানার সাহায্য নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.