ভোট প্রচারের প্রথমেই চমকের রাজনীতিতে একধাক্কায় তৃণমূলকে গাড্ডায় ফেলে দিতে চাইছেন শুভেন্দু
দি নিউজ লায়নঃ আগামী ১২ মার্চ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। আর ওইদিন থেকেই চমকের শুরু করতে চাইছেন শুভেন্দু। ভোট প্রচারের প্রথমেই চমকের রাজনীতিতে একধাক্কায় তৃণমূলকে গাড্ডায় ফেলে দিতে চাইছেন তিনি। পূর্ব মেদিনীপুরের গ্রাম বাংলার এই ছোট্ট জনপদ যে এবারের ভোটে তারকা খচিত হয়ে উঠতে চলেছে তা এবারে নিঃসন্দেহে বলাই যায়। আগামী ১২ মার্চ শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার দিনেই নক্ষত্রখচিত হয়ে উঠতে চলেছে নন্দীগ্রাম।
রাজ্য বিজেপি সুত্র জানা গিয়েছে, ওইদিন নন্দীগ্রামে উপস্থিত থাকতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেইসঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় দুই মন্ত্রী। থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি এবং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফলে আগামী ১২ মার্চ থেকে যে নন্দীগ্রামে হেভিওয়েটদের আনাগোনা শুরু হয়ে যাচ্ছে তা পরিস্কার। নন্দীগ্রাম দখলের ক্ষেত্রে এবারের বিধানসভা ভোটকে বিজেপি যে মোটেই হাল্কাভাবে নিচ্ছে না তা মনোনয়ন জমা দেওয়ার দিন থেকেই বুঝিয়ে দিতে চাইছেন শুভেন্দু অধিকারী।
এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী। কাজেই মমতাকে আটকাতে শুধু শুভেন্দুই নন, বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বরাও নন্দীগ্রামকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আগামী দিনে এই কেন্দ্রে শুভেন্দুর হয়ে প্রচারে আসার সম্ভাবনা রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের বিজেপি নেতৃত্ব এবং বিজেপি ঘেঁষা তারকা সমাবেশ ঘটিয়ে নন্দীগ্রামে বাজিমাত করতে মরিয়া বিজেপি।
মূলত এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে বিজেপি ভরসা রেখেছে নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দুর উপরেই। কারণ, রাজনৈতিক মহলের মতে, প্রাথমিকভাবে নন্দীগ্রামে অনেকটাই অ্যাডবভান্টেজ রয়েছেন শুভেন্দু অধিকারীর। কারন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটিকে তিনি হাতের তালুর মতোই চেনেন। তার উপর নন্দীগ্রামে শহীদ পরিবারের মানুষজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও শুভেন্দুর উপর বেশী ভরসা করেন। নন্দীগ্রাম আন্দোলনের পর সুখে দুঃখে নন্দীগ্রামের মানুষের পাশে ছিলেন একমাত্র শুভেন্দু অধিকারীই। ফলে ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের হেভিওয়েট নেতারা যতোই নন্দীগ্রামে যান না কেন তাতে নন্দীগ্রামের মানুষের মন চিড়ে কতোটা ভিজবে তা নিয়ে সন্দেহ থেকেই যাবে।

Post a Comment