মানসিক অবসাদে ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি
দি নিউজ লায়ন; মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নবদ্বীপ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর ২নং বড় প্লট এলাকায়। পুলিশ জানায়, আত্মঘাতী হওয়া ওই ব্যক্তির নাম বিমল চন্দ্র দেবনাথ (৫০)। তিনি পেশায় ছিলেন একজন বীমা কর্মী। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ছড়ায় চাঞ্চল্য। পুলিশ ও পরিবার সূত্রের খবর পেশায় বীমা কর্মী বিমল চন্দ্র দেবনাথের বাড়ি নবদ্বীপ পৌরসভার ১ নং ওয়ার্ডের চটিরমাঠ বাঁধরোড এলাকায়।
পরিবারের অন্যতম সদস্য মৃত বিমল বাবুর দাদা নির্মল দেবনাথ জানান, আজ থেকে প্রায় চার বছর আগে ভাইয়ের মতোই ছোট দুই সন্তান কে রেখে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বৌমা। নির্মল বাবুর কথায় এরপর থেকেই ভাই মানসিক ভাবে ভেঙে পড়ে। ছোট দুই সন্তানকে মানুষ করতে ওর শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়। পাশাপাশি বাজারে ভাইয়ে বেশকিছু দেনাও হয়ে যায়। ফলে দিনের পর দিন এক একজন পাওনাদারের তাকাদায় মানসিক ভাবে আরও ভেঙে পড়ে ভাই বিমল। গত কাল অর্থাৎ রবিবার বিকেলে নিজের বাড়ি ছেড়ে প্রতাপনগরে দাদার বাড়িতে চলে আসেন বিমল চন্দ্র দেবনাথ।
নির্মল বাবু জানান, সোমবার সকালে আমরা দুই ভাই একসঙ্গে চা'ও খাই। এরপর প্রায় সাতটা নাগাদ ভাইকে বাড়িতে রেখে বাজারে যাই। বাজার থেকে ফিরে দেখি ভাই আমার ঘরের সিলিং ফ্যানে গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলছে। সঙ্গে পুলিশ ও প্রতিবেশীদের ডাকি। পরে প্রতিবেশীদের সাহার্যে পুলিশ ভাই এর অচৈতন্য দেহটি নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দুপুরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।

Post a Comment