অবসাদে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর, মাঝিদের চেষ্টায় উদ্ধার - The News Lion

অবসাদে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর, মাঝিদের চেষ্টায় উদ্ধার

 


দি নিউজ লায়নঃ     মানসিক অবসাদের জেরে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নবদ্বীপের অন্যতম ব্যস্ততম নদী পারাপার ঘাট খেয়াঘাটের কাছে ভাগীরথী নদীতে। যদিও কর্মরত দুই মাঝির প্রচেষ্টায় এযাত্রায় প্রাণ বেঁচে যায় বছর বাইশের ওই গৃহবধূর। স্থানীয় সূত্রের খবর সোমবার বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ নবদ্বীপ ঘাট থেকে স্বরূপগঞ্জ ঘাট যাচ্ছিল যাত্রী বোঝাই একটি নৌকা। 


মাঝ গঙ্গা বরাবর আসতেই হটাৎ জলে ঝাঁপ দেন নবদ্বীপ পৌরসভার ১৬ নং ওয়ার্ডের সরকার পাড়া এলাকার বাসিন্দা ওই গৃহবধূ। নৌকায় থাকা যাত্রীরা চিৎকার করে উঠলে কাছেই নবদ্বীপ খেয়াঘাটে কর্মরত আকাশ মজুমদার ও প্রতাপ হালদার একটি ছোট নৌকা নিয়ে মাঝ গঙ্গায় পৌঁছে যান। ক্ষিপ্রতার সঙ্গে ভাগীরথীর জলে হাবুডুবু খাওয়া গৃহবধূ কে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। 


কিছুক্ষন ঘাটেই বসিয়ে রেখে খবর পাঠান হয় স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ এসে ওই বধূকে থানায় নিয়ে আসেন। পাশাপাশি খবর দেওয়া হয় বধূর পরিবারকে। বেলা একটা নাগাদ মৃত্যুর মুখে থেকে উদ্ধার হওয়া বধূকে তার পরিবারের হাতে তুলে দেয় নবদ্বীপ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর একটি বছর সাতেকের কন্যা সন্তান আছে। স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। ফলে বেশকিছু দিন ধরেই মানসিক অবসাদ ভুগছিলেন ওই গৃহবধূ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.