রাজ্যের অন্য প্রান্তের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দিলো বিজেপির এক অংশ
দি নিউজ লায়নঃ রাজ্যের অন্য প্রান্তের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দিলো বিজেপির এক অংশ। রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। বিজেপির এক অংশের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি মিছিলও করে। শুক্রবার পূর্বস্থলী থানার ছাতনি মোড়ে এস টি কে কে সড়কের উপর ঘটনাটি ঘটে। শুক্রবারই পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে গোবর্ধন দাসের নাম ঘোষিত হয়। আর তাতেই বেজায় চটেছেন এলাকার একদল বিজেপি কর্মী ও সমর্থকরা।
তারাই এদিন বিক্ষোভ দেখান ও মিছিল করে। বিজেপি সূত্রে জানা যায়, এলাকার বিজেপি নেতা রানা সিনহার নেতৃত্বে শুক্রবার একদল বিজেপি সমর্থক মিছিল করে চলে আসে ছাতনি মোড়ে। সেখানে এস টি কে কে রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। কিছুক্ষণের মধ্যে পূর্বস্থলী থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। পূর্বস্থলীর বিক্ষুব্ধ বিজেপি নেতা রানা সিনহা সাংবাদিকদের বলেন, “টাকার বিনিময়ে আমাদের দল টিকিট দিয়েছে একজন বহিরাগতকে।
এটা আমরা মেনে নেব না। তাই বিক্ষুব্ধ বিজেপি হিসাবে আমি নির্দল প্রার্থী হয়ে এই কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করবো।“ নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করার কথা ঘোষনা করার পরই ফেস্টুন নিয়ে বিক্ষুব্ধ বিজেপির কর্মীরা মিছিল করেন। যদিও বিজেপির পক্ষ থেকে তৃনমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়েছে। পূর্বস্থলী উত্তরের তৃনমূল কংগ্রেসের প্রার্থী তপন চট্টোপাধ্যায় জানিয়েছেন, তৃনমূল কংগ্রেস কোনো ভাবেই জড়িত নয়। প্রার্থী নিয়ে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে এসেছে।

Post a Comment