দলের প্রতি আনুগত্য মেনেই দলের পাশে থাকবো, ধীমান রায়
দি নিউজ লায়নঃ অশোকনগর বিধানসভা কেন্দ্রে আমিই একমাত্র ব্যক্তি যে ১৭ জনকে নিয়ে দল করা শুরু করেছিল। তার মধ্যে দু'জন (একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী পূর্ণিমা ভট্টাচার্য্য এবং অঞ্জলি রায়) মারা গেছেন। সেসময় ১৭ জনকে নিয়ে মিছিল করেছিলাম তখন তারা অনেকে কংগ্রেসের মিটিংয়ে গেছে টিটকারি, কটুক্তি করতে করতে।
আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবসময় পাশে থেকেছি। দলের প্রতি আনুগত্য মেনেই দলের পাশে থাকবো। আজকে দেখলাম যারা দলকে কুরে-কুরে শেষ করেছিল তারাই এখন নেতা। আমি হয়ে গেলাম অপাংক্তেয়। সোমবার দুপুরে প্রাক্তন বিধায়কের অফিসে বসে সাংবাদিক সম্মেলনে এমন আক্ষেপ শোনা গেল অশোকনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ধীমান রায়ের গলায়। তিনি আরো বলেন, একটি ভিডিওতে দেখলাম আমি নাকি প্রার্থী হবার জন্য আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলাম, কিন্তু এটা সর্বৈব মিথ্যা।
দলনেত্রী প্রথমে আমার উপর আস্থা রেখে আমাকে এই কেন্দ্রের প্রার্থী করেছিলেন। পরবর্তীতে আবার প্রার্থী বদল করেন। উল্লেখ্য অশোকনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে নারায়ণ গোস্বামীকে। দলনেত্রী ও দলের কর্মী, সমর্থক এবং অশোকনগরবাসীর কাছ থেকে প্রচুর স্নেহ, ভালোবাসা পেয়েছি। তার জন্য দল এবং সকলের কাছে প্রচুর ঋণী। এই ঘটনায় আমি খুবই আঘাত পেয়েছি এবং মর্মাহত। আমি জীবনে কোনও অসৎ কাজ করিনি। আমি চেষ্টা করেছি যে কাজটা একজন কর্মীর করা উচিত তা করার। তথাপি আমি বলব, আমি ভোরে ঘুম থেকে উঠেও তৃণমূল, সারাদিন তৃণমূল, রাতে ঘুমোতে যাওয়ার সময় তৃণমূল। আমার পরিচয় আমি তৃণমূল।

Post a Comment