আজই হুইল চেয়ারে নির্বাচনী প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়নঃ মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল ছেড়েছেন। দক্ষিণ কলকাতার কালীঘাটের বাড়িতে চলছে চিকিৎসা। বাঁ পায়ে রয়েছে প্লাস্টার। সঙ্গী হুইলচেয়ার। আপাতত বাড়ি থেকেই কাজ করার পরামর্শ চিকিৎসকদের। তবে নির্বাচনের প্রাক্কালে ঘরে বসে থাকতে নারাজ তিনি। আজই নামছেন প্রচারে। আজ, ‘নন্দীগ্রাম দিবস’। আজ সেই ‘রক্তাক্ত অধ্যায়’, আর এই অধ্যায়ের ১৪ বছর পূর্তিকে স্মরণে রেখে দুপুর তিনটের সময় কলকাতায় মিছিল করবে তৃণমূল যুব কংগ্রেস। মেয়ো রোডের গান্ধীমূর্তির পাদদেশ থেকে হাজরা মোড় পর্যন্ত ওই মিছিলের নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, হাজরায় মিছিল শেষে জমায়েতে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল চেয়ারে বসেই মমতা সেখানে যাবেন।
২০০৭ সালে নন্দীগ্রামের উপর ভর করেই রাজ্যে পালাবদল হয়। বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। আবারও ১৪ বছর পর রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছে এই নন্দীগ্রাম। কারণ এবার এই নন্দীগ্রামেই প্রার্থী মমতা। আর তাই আবেগের জায়গা থেকেই রক্ত ঝরা দিনটিতে জখম অবস্থাতেই অংশ নিতে চাইছেন দলনেত্রী। হাজরা মোড়ের জমায়েতে অংশ নিয়ে এবং বক্তৃতা দিয়ে দলের কর্মী-সমর্থকদের প্রচারের দিশা দেখাতে চাইছেন নেত্রী৷ সেইসঙ্গে বার্তা দিতে চাইছেন আহত হলেও তাঁর লড়াই জারি রয়েছে।

Post a Comment