তৃণমূল-বিজেপি সংঘের্ষর ঘটনায় গ্রেপ্তার ১২
দি নিউজ লায়ন; তৃণমূল-বিজেপি সংঘের্ষর ঘটনায় পুলিস ১২ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে বর্ধমান শহরের কাঞ্চননগরে। ধৃতদের মধ্যে ৭ জন বিজেপির। বাকিরা তৃণমূলের। রথতলা ও কাঞ্চননগর এলাকায় ধৃতদের বাড়ি। ঘটনার বিষয়ে বিজেপির তরফে একটি ও তৃণমূল দু’টি অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে ৩টি মামলা রুজু হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় কাঞ্চননগরের আমবাগান এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ বাধে। তাতে দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন। খবর পেয়ে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক মহিলাকে রং মাখানোকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত বলে জানা গিয়েছে।
তৃণমূলের অভিযোগ, ঘটনার দিন দুপুরে বিজেপির লোকজন লাঠি, রড, তরোয়াল, বাঁশ প্রভৃতি নিয়ে রথতলা কলমবাগানের বাসিন্দা শোভন দত্তর উপর হামলা চালায়। রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। তাঁকে বাঁচাতে এলে মার খান কৃশাণু সিংহ রায়। ঘটনার কথা জানিয়ে শোভন রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। তৃণমূলের তরফে অপর অভিযোগটি করেন রথতলা নতুন কলোনির বাসিন্দা সুবীর ঘোষ। তাঁর অভিযোগ, বিজেপির লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায়। অন্যদিকে, বিজেপির দক্ষিণ বিধানসভার কনভেনর কল্লোল নন্দন পুলিসের কাছে লিখিত অভিযোগে জানান, ঘটনার দিন দুপুরে দলের কয়েকজন কর্মকর্তার বাড়িতে তৃণমূলের লোকজন হামলা চালায়।
বাড়িতে ভাঙচুর চালানো হয়। কয়েকজনকে মারধর করা হয়। মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। অভিযোগের ভিত্তিতে ১২ জনকে পুলিস তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তৃণমূলের ৫ জন ও বিজেপির ৩ জনের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত বিচারক। ঘটনায় ধৃত সুশান্ত বিশ্বাস, বিষ্ণু বিশ্বাস, সঞ্জীব বৈরাগ্য ও গোপাল আচার্যকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বুধবার ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।

Post a Comment