জোটে ঘোট উত্তর দিনাজপুরে, ইটাহারে কংগ্রেস প্রার্থী চেয়ে বিক্ষোভে - The News Lion

জোটে ঘোট উত্তর দিনাজপুরে, ইটাহারে কংগ্রেস প্রার্থী চেয়ে বিক্ষোভে

 


দি নিউজ লায়নঃ    জোটে ঘোট উত্তর দিনাজপুরে। সংযুক্ত মোর্চার প্রার্থী বামফ্রন্টের নয়, ইটাহারে কংগ্রেস প্রার্থী চাই। এই দাবীতে শনিবার রায়গঞ্জে জেলা কংগ্রেস কার্য্যালয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন ইটাহার বিধানসভার কংগ্রেস নেতা কর্মীরা। একদিকে যখন রায়গঞ্জের বিধানমঞ্চে বাম কংগ্রেসের যৌথ কর্মীসভা চলছে, ঠিক সে সময়েই জেলা কংগ্রেস ভবনে দলীয় কর্মীদের এই বিক্ষোভে রিতিমত চাঞ্চল্য তৈরী হয়। যদিও আলোচনার মাধ্যমেই নিচু তলার কর্মীদের ক্ষোভ প্রশমিত হবে বলে জানিয়েছে বাম-কংগ্রেস নেতৃত্ব। 


বস্তুত, গত কয়েকদিন আগে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভা আসনটিতে সিপিআই প্রার্থী ডঃ শ্রীকুমার মুখার্জীর নাম ঘোষনা করেন। বামফ্রন্ট আমলের রাজ্যের অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী শ্রীকুমার মুখার্জী ২০১১ সালে ইটাহারের তৃনমুল কংগ্রেস প্রার্থী অমল আচার্য্যের কাছে হেরে যান। এরপর ২০১৬ সালেও ফের শ্রীকুমারকে প্রার্থী করে বামেরা। কিন্তু সেবারেও তৃনমূলের কাছে বড় অঙ্কের ব্যবধানে হেরে যান তিনি। এদিকে এবারে বাম-কংগ্রেস-আইএসএফ জোটে সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেস নেতৃত্ব বামফ্রন্টকে ইটাহার আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে সিপিআই-এর শ্রীকুমার মুখার্জীকে সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট নয় কংগ্রেস কর্মীরা। তাদের দাবী, কংগ্রেস ইটাহারে যথেষ্ট শক্তিশালী। গত লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসজোট না হলেও সেক্ষেত্রে ইটাহারে বামেদের থেকে অনেক বেশি ভোট পেয়েছিল কংগ্রেস।


 এদিকে গত ২০১১ ও ২০১৬-এ পরপর দুবার ভোটে হেরে যাবার পর শ্রীকুমার আর ইটাহার মুখো হননি বলে আন্দোলনকারীদের অভিযোগ। কিন্তু এবারের বিধানসভায় আবারো জোট করায় বামেদের আসন ছেড়ে দেওয়া হয়। শুধু তাইই নয়, পুনরায় শ্রীকুমারকেই প্রার্থী করায় ইটাহারের কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। আর তারই বহিঃপ্রকাশ ঘটল শনিবার। এদিন রায়গঞ্জের বিধানমঞ্চে ইটাহারের জোট প্রার্থী সিপিআইএর শ্রীকুমার মুখার্জী ও রায়গঞ্জের জোট প্রার্থী কংগ্রেসের মোহিত সেনগুপ্তের উপস্থিতিতে বাম কংগ্রেসের কর্মীসভা অনুষ্ঠিত হয়। কিন্তু ঠিক সে সময়েই জেলা কংগ্রেস কার্য্যালয়ে কংগ্রেস কর্মীদের এই বিক্ষোভে রিতিমত জোটের জট আবারো প্রকাশ্যে এলো। এদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাদের দাবী মেনে ইটাহারে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে কংগ্রেসের প্রার্থী ঘোষনা না করা পর্যন্ত জেলা কংগ্রেস কার্য্যালয়ে অবস্থান বিক্ষোভ চলবে বলেই জানান আন্দোলনকারীরা। তবে কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব বিষয়টি কর্মীদের সাথে আলোচনায় মিটিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.