আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ বলে জানিয়েছে পুলিশ । শুক্রবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে মালদা শহরের সানিপার্ক এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতকে পাঁচদিনের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দীপঙ্কর দাস (৩০)।
তার বাড়ি মালদা শহরের মিশন রোড এলাকায়। ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে পুলিশি টহলদাড়ি চালানোর সময় সানি পার্ক এলাকায় সন্দেহজনকভাবে ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই এলাকায় রাজ্য সড়কের ছিনতাইয়ের উদ্দেশ্যেই দাঁড়িয়ে ছিল ওই দুষ্কৃতি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment