গাড়ি পার্কিং করা নিয়ে বচসা, আর তারই জেরে সরকারি হাসপাতালের চিকিৎসককে ব্যাপক মারধর
দি নিউজ লায়নঃ গাড়ি পার্কিং করা নিয়ে বচসা, আর তারই জেরে সরকারি হাসপাতালের চিকিৎসককে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে । এমনকি ওই চিকিৎসকের স্ত্রীকেও প্রকাশ্য রাস্তায় মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ব্যস্ত বহুল এলাকা হিসেবে পরিচিত রাজমহল রোডে। এই ঘটনার পর আক্রান্ত ওই চিকিৎসক দম্পতি ইংরেজবাজার থানায় অজ্ঞাত ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে এই হামলার ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত চিকিৎসক দম্পতির নাম ওয়াসিমুল হক (৪০) এবং তার স্ত্রী শেফালী খাতুন (৩৫)। তাদের বাড়ি পুকুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়। পরাণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার পদে কর্মরত রয়েছেন ওয়সিমুল হক। এদিন রাতে মালদা শহরে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন ব্যক্তিগত কাজে ওই চিকিৎসক দম্পতি। এরপর রাজমহল রোড দিয়ে যাওয়ার সময় এক মোটর বাইকের সঙ্গে ওই গাড়ির সামান্য ধাক্কা লাগে। সেই সময় একে অপরকে দোষারোপ করতে থাকে।
এরই মধ্যে মোটর বাইক চালক ফোন করে কয়েকজনকে ডেকে নিয়ে এসে চিকিৎসক দম্পতি উপর হামলা চালায় বলে অভিযোগ। প্রকাশ্য রাস্তায় চিকিৎসকের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি তার মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এদিকে আক্রান্ত ওই চিকিৎসক দম্পতি রাতেই মালদা মেডিকেল কলেজে গিয়ে প্রাথমিক চিকিৎসা করেন। তারপরে অজ্ঞাত চার হামলাকারীর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Post a Comment