পাঁচলা বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড় করানোর প্রস্তুতি বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের
দি নিউজ লায়নঃ পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রাথী পছন্দ না হওয়ায় এবার এই কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড় করানোর প্রস্তুতি শুরু করে দিল দলের বিক্ষুব্ধরা। সূত্রের খবর শুক্রবার বিকেলে বিধানসভা কেন্দ্রের প্রায় ২০০ টি বুথের সভাপতিদের নিয়ে একটি গোপন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে খবর আজ অথবা আগামীকাল এই কেন্দ্রে নির্দল প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
তৃতীয় ও চতুর্থ পর্যায়ের নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই রাজ্যের একাধিক জায়গার পাশাপাশি পাঁচলা বিধানসভা কেন্দ্র উত্তেজনা দেখা দেয়। এই কেন্দ্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মোহিত ঘাঁটিকে প্রাথী করার পরেই ক্ষোভে ফেটে পড়ে দলের একাধিক নেতা কর্মী। প্রাথী বদলের দাবিতে রাস্তা অবরোধের পাশাপাশি বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। এমনকি এর পাশাপাশি হেস্টিংসে গিয়েও একই দাবিতে বিক্ষোভ দেখায় পাঁচলা কেন্দ্রের বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। তবে এতেও বিজেপি নেতৃত্ব তাদের সিদ্ধান্ত না বদলানোয় এলাকায় প্রতিবাদ মিছিল করে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। আর এরপরে এবার এই কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড় করানোর প্রস্তুতি শুরু করে দিল বিজেপি কর্মীরা। সূত্রের খবর শুক্রবার এক গোপন বৈঠকে পাঁচলা বিধানসভা কেন্দ্রের ২৩০ টি বুথের মধ্যে ২০০ টি বুথের বুথ সভাপতিরা উপস্থিত থেকে নির্দল প্রার্থী দাঁড় করানোর ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে। জানা গেছে আজ অথবা আগামীকাল তারা প্রার্থীর নাম ঘোষণা করবে।
এদিকে পাঁচলা কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড়ানো প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ সভাপতি রঞ্জন পাল জানান দলীয় কর্মীদের দাবি না মেনে মোহিত ঘাঁটিকে প্রাথী করে দলীয় নেতৃত্ব কর্মীদের ভাবাবেগে আঘাত করেছে। আর সেই কারণেই এইসব কর্মীরা বিকল্প পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।

Post a Comment