সাঁকরাইল ব্লকে অনুব্রত মণ্ডলের হাত ধরে বিজেপি দল ছেড়ে প্রায় ৫০০ জন যোগ দান করল তৃণমূলে
দি নিউজ লায়নঃ আগামী সাতাশে মার্চ ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনের নির্বাচন। তাই প্রতিটি রাজনৈতিক দল জোরকদমে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। যখন হাতেগোনা কয়েকটি দিন বাকি নির্বাচনের, ঠিক সেইসময় বিজেপিকে জোর ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ওই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, গোপীবল্লভপুর এর প্রাক্তন বিধায়ক চূড়ামণি মাহাতো, তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি শান্তনু ঘোষ , গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো ও সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলাকান্ত রাউত সহ আরো অনেকে।
ওই সমাবেশের মঞ্চে গিয়ে বিজেপি নেতা জন্মেজয় মাহাতো,ভবতোষ মাহাতো,কৃষ্ণপদ মাহাতো,প্রফুল মাহাতো র নেতৃত্বে প্রায় ৫০০ জন বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন।তাদের হাতে তৃনমূলের পতাকা তুলে দেন অনুব্রত মণ্ডল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে দলের পতাকা তুলে দেওয়ার পর অনুব্রত মণ্ডল দলের পক্ষ থেকে তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য তাদের সকল কে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন ভোটের কয়েকদিন আগে যেভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে মানুষ দলে দলে যোগদান করছে তাতে গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে এবারেও দলের প্রার্থী খগেন্দ্র নাথ মাহাতো বিপুল ভোটে নির্বাচিত হবেন ।
আগামী কয়েকদিনের মধ্যে আরও বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে তিনি জানান ।তিনি বলেন আপনারা জোড়া ফুলে ভোট দিবেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রীর করার জন্য। বিজেপি একটি সাম্প্রদায়িক দল, বিজেপি হিংসা ছাড়া অন্য কিছু জানে না ।তাই বিজেপিকে আমরা এক ইঞ্চি জায়গা ছেড়ে দেবো না । জঙ্গল মহল জুড়ে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান জানান। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জন্মেঞ্জয় মাহাতো বলেন বিজেপি দলে থেকে কোন কাজ করার সুযোগ ছিল না। আমাদের কথা দলের জেলা নেতৃত্ব শুনতো না।আমাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে জেলার কয়েকজন নেতা কাজ করছেন। যে দলের নীতি আদর্শ নেই সেই দলে থাকার কোনো প্রয়োজন নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আরো বেশ কিছু মানুষ বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে তিনি জানান।

Post a Comment